প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার নিয়োগের ব্যাপারে আইন প্রণয়ন প্রক্রিয়াধীন আছে। সংবিধানের ১১৮ অনুচ্ছেদের আলোকে এ আইন প্রণয়ন করা হবে। এরই মধ্যে কমিশন এ নিয়োগের বিষয়ে ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার (নিয়োগ পদ্ধতি) আইন-২০১১’-এর খসড়া করেছে।আজ মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এ তথ্য জানান।আজ বেলা সোয়া ১১টায় জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। সভাপতিমণ্ডলীর সদস্য ফজলে রাব্বী মিয়ার এতে সভাপতিত্ব করছেন।তথ্যমন্ত্রী জানান, এ খসড়া নিয়ে নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছে। আগামী জুলাই মাসে এ সংলাপ শেষে প্রস্তাবিত আইনটির খসড়া চূড়ান্ত করা হবে। এর পরই আইনটি প্রণয়নের কাজ শুরু করা হবে।আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, স্থানীয় সরকার পর্যায়ের বিভিন্ন নির্বাচনে পর্যায়ক্রমে নির্বাচন কমিশনের নিজস্ব জনবল থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের কর্মকর্তা কম থাকায় স্থানীয় পর্যায়ের নির্বাচনে মাঠ প্রশাসনের অন্য কর্মকর্তাদেরও রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।