সিইসির সঙ্গে দেখা করলেন ম খা আলমগীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার (সিইসি) সঙ্গে সাক্ষাত্ করেছেন সরকারি দলের সাংসদ মহীউদ্দীন খান আলমগীর। নির্বাচন কমিশন সচিবালয়ে আজ বুধবার দুপুরে হঠাত্ তিনি সাক্ষাত্ করতে আসেন। কমিশন থেকে বের হয়ে যাওয়ার সময় ‘কী নিয়ে আলোচনা হয়েছে’ সাংবাদিকদের এমন প্রশ্নের মুখে তিনি বলেন, ‘কিছু নিয়েই আলোচনা হয়নি। এটি ছিল একটি সৌজন্য সাক্ষাত্।’ উল্লেখ্য, মহীউদ্দীন খান আলমগীরের নির্বাচনী আসন বিষয়ে নির্বাচন কমিশন প্রকাশিত গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছেন; তার বিরুদ্ধে নির্বাচন কমিশন উচ্চ আদালতে আপিল করবে, গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের এ কথা জানানোর পর আজ মহীউদ্দীন খান আলমগীর নির্বাচন কমিশন সচিবালয়ে এলেন। হাইকোর্টের রায় নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটা বিচারাধীন বিষয়। এ নিয়ে কোনো ধরনের আলোচনা হয়নি। আর রায় তো আমার পক্ষেই আছে।’ কেন এসেছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চা খেতে এলাম।’ গত বছরের ২২ সেপ্টেম্বর নির্বাচন কমিশন চাঁদপুর-১ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে মহীউদ্দীন খান আলমগীরের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২৬ সেপ্টেম্বর হাইকোর্ট ওই গেজেটের কার্যকারিতা স্থগিত করেন। পাশাপাশি কারণ দর্শাতে রুল জারি করেন। রুলের ওপর দুই দিন চূড়ান্ত শুনানি শেষে গত ২৯ অক্টোবর হাইকোর্ট নির্বাচন কমিশনের গেজেটকে অবৈধ ঘোষণা করেন।তত্ত্বাবধায়ক সরকারের সময় জরুরি ক্ষমতা আইনে মহীউদ্দীন খান আলমগীরের ১৩ বছরের কারাদণ্ড হয়। যে কারণে গত সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করলে তা খারিজ হয়ে যায়। এরপর তিনি হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করে তাঁর মনোনয়নপত্র গ্রহণ করতে নির্দেশ দেন। পরে তিনি নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। কিন্তু গত বছরের ১৫ জুলাই আপিল বিভাগ মহীউদ্দীন খানের লিভ টু আপিল খারিজ করে আদেশ দেন। যে কারণে নির্বাচন কমিশন চাঁদপুর-১ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে। অন্যদিকে জরুরি ক্ষমতা আইনে মহীউদ্দীন খানের যে সাজা হয়, হাইকোর্ট ও আপিল বিভাগ তা বাতিল করে রায় ঘোষণা করেন।