সিইসিসহ ছয়জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) ছয়জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। পিরোজপুরে মেয়র পদপ্রার্থী চূড়ান্ত করার বিষয়ে আদালতের নির্দেশনা অনুসরণ না করার অভিযোগে এই রুল জারি করা হয়। আজ মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি এম মোয়াজ্জেম হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ আদালত অবমাননার এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করেন। কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না—এ অভিযোগে তা জানতে চাওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে সিইসি এ টি এম শামসুল হুদা, পিরোজপুরের জেলা প্রশাসক মো. রুহুল আমিন, মেয়র মো. হাবিবুর রহমান মালেকসহ ছয়জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।অন্য তিনজন হলেন—বরিশালের বিভাগীয় কমিশনার আবু হেনা মো. রহমাতুল মুনীম, পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) এস কে মো. মনিরুজ্জামান এবং পিরোজপুরের স্থানীয় সরকারের উপপরিচালক তরফদার সোহেল রানা। আদালত অবমাননার আবেদনকারী নাসিমউদ্দিন খানের আইনজীবী আতিয়ার রহমান সাংবাদিকদের বলেন, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসরণ না করে নির্বাচন কমিশন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক প্রার্থীকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে। এটি আদালত অবমাননার শামিল।