সিইসিসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নির্দেশনা অনুসরণ না করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদাসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি এম মোয়াজ্জাম হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারির আদেশ দেন।আদালত অবমাননার অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়েছে। অপর চারজন হলেন—নির্বাচন কমিশন সচিব ড. মো. সাদেক, জ্যেষ্ঠ সহকারী সচিব আবদুল বাতেন, হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অপূর্ব কুমার মণ্ডল ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাজহারুল হক। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানায়, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের ভোটার তালিকায় ওই উপজেলার আট মৌজার বাসিন্দাদের হাইকোর্টের আদেশের পর অন্তর্ভুক্তি না করায় আদালত অবমাননার অভিযোগ এনে স্থানীয় বাসিন্দা মোয়াজ্জেম হোসেন গতকাল সোমবার হাইকোর্টে আবেদনটি করেন। গতকাল এ আবেদনের ওপর শুনানি নিয়ে আদালত রুল জারি করেন।আদালতে আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী ড. বেলাল হোসেন জয়। তিনি প্রথম আলোকে বলেন, ২০০৮ সালে ভোটার তালিকা হালনাগাদ করার সময় হরিরামপুর উপজেলার আটটি মৌজা—নোটাখোলা, ভগবানচর, রুস্তমপুর, ব্রাহ্মণকান্দা, দুর্গাপুর, বসুদেবপুর, জয়পুর ও কবিরপুরের বাসিন্দারা লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির আবেদন করেন। কিন্তু এ আবেদনে ইসি সাড়া না দেওয়ায় রিট আবেদন করা হয়। চলতি বছর ২ আগস্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ চার সপ্তাহের মধ্যে তাঁদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দেন। এ নির্দেশ অনুসরণ না করায় সিইসিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়। পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৯ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা বলেও তিনি জানান।