সিউলে বাংলাদেশের চিত্রকলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রদর্শনীর নাম ‘কনটেম্পরারি পেইন্টিংস অব বাংলাদেশ’। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ‘কোরিয়া ফাউন্ডেশন কালচারাল সেন্টারে’ চলছে আমাদের দেশের ১২ জন বিশিষ্ট শিল্পীর এই শিল্পকর্ম প্রদর্শনী। বিভিন্ন মাধ্যমে মোট ৪৭টি চিত্রকর্ম রয়েছে প্রদর্শনীতে। এটি শুরু হয়েছে গত বৃহস্পতিবার, চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।প্রদর্শনী উপলক্ষে আট সদস্যের একটি প্রতিনিধিদল ইতিমধ্যে কোরিয়ায় পৌঁছেছে। এতে রয়েছেন শিল্পী কাইয়ুম চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, মাহমুদুল হক, রোকেয়া সুলতানা, কনকচাঁপা চাকমা, মোহাম্মদ ইকবাল এবং বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী। প্রদর্শনীতে অংশগ্রহণকারী অপর শিল্পীরা হলেন সমরজিৎ রায়চৌধুরী, মনিরুল ইসলাম, শহীদ কবির, ফরিদা জামান ও দিলারা বেগম।এই প্রদর্শনী বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস এবং সিউলে বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে। বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস বাংলাদেশের চিত্রকলাকে বহির্বিশ্বে পরিচিত করে তোলার লক্ষ্যে বিভিন্ন দেশে বাংলাদেশের চিত্রকলা প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যে নিউইয়র্ক, ব্রাসেলস, ভারত, ফ্রান্স, মালদ্বীপ, কানাডা, দুবাইয়ে প্রদর্শনী আয়োজিত হয়েছে। এই কর্মসূচির ধারাবাহিকতায় এবার প্রদর্শনী হচ্ছে কোরিয়ায়।বাংলাদেশের শিল্পীদের চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সিউলের শিল্পরসিক ও কূটনীতিকদের বিপুল সমাবেশ ঘটেছিল। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির পাঠানো বার্তায় এই প্রদর্শনী দুই দেশের সাংস্কৃতিক যোগাযোগ ঘনিষ্ঠ করবে বলে আশা প্রকাশ করা হয়। বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী অনুষ্ঠানে বক্তৃতায় বলেন, নিয়মিতভাবে এ ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের আদান-প্রদানের সুযোগ তৈরি হলে তা উভয় দেশের জনসাধারণের মধ্যে সম্প্রীতি ও নৈকট্য ঘনিষ্ঠ করে তুলবে। তিনি বাংলাদেশেও কোরিয়ার শিল্পীদের প্রদর্শনী করার আমন্ত্রণ জানান। অনুষ্ঠানে কোরিয়াস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম, কোরিয়ার পার্লামেন্ট সদস্য কিম চং ওয়ান, ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সং ও বেঙ্গল ফাউন্ডেশনের পক্ষে সুবীর চৌধুরী বক্তব্য দেন। ভারত, গুয়াতেমালা, লাওস, কোস্টারিকা ও চেক রিপাবলিকের রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের কূটনীতিকেরা ছিলেন।