সিএ কোর্সের নতুন পাঠ্যক্রম
ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) তৈরির কাজ করে যাচ্ছে। আইসিএবি থেকে দেওয়া সনদ যেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়, সে চেষ্টা অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি। এ জন্য ১৯৯৮ সালে আইসিএবি পাঠ্যক্রমে একবার পরিবর্তন আনা হয়েছিল। সময়ের দাবিতে বাংলাদেশের সিএ ডিগ্রিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আবারও উদ্যোগী হয়েছে আইসিএবি। পরিবর্তনের প্রেক্ষাপট: সিএ পেশাজীবীদের দেশে ও দেশের বাইরে ব্যাপক চাহিদা রয়েছে। এ জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দরকার। বাংলাদেশ সরকার ২০০৭ সালে এ ব্যাপারে উদ্যোগ নেয়। আইসিএবির সচিব এন আই চৌধুরী জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকিতে, বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্বজুড়ে স্বীকৃত প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ইন ইংল্যান্ড ও ওয়েলস (আইসিএসডব্লিউ) দীর্ঘ দুই বছর আইসিএবি ও সংশ্লিষ্ট সব বিভাগ এবং শিক্ষার্থীদের পরিচালন, পেশাগত উন্নয়ন, নৈতিকতা, আর্থিক প্রতিবেদনে গুণগত মান উন্নয়ন ইত্যাদি বিষয়ের উন্নয়নে কাজ করে। পরে ২০০৯ সালের ২৬ অক্টোবর আইসিএবি এবং আইসিএইডব্লিউর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। আর এ চুক্তির ফলে বাংলাদেশের সিএ ডিগ্রি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করে। আন্তর্জাতিক স্বীকৃতি: আইসিএইডব্লিউয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় আইসিএবির পাঠ্যক্রম বা সিলেবাস ও পরীক্ষাপদ্ধতিতে আইসিএইডব্লিউকে অনুসরণ করতে হবে। এ সিলেবাসে শুধু কর ও আইন কোর্স দুটি বাংলাদেশের প্রেক্ষাপটে নির্ধারণের প্রস্তাব রয়েছে। বর্তমানে বাংলাদেশের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা দুটি বিষয় ও কেস স্টাডির ওপর আইসিএইডব্লিউয়ের অধীনে পরীক্ষায় উত্তীর্ণ হলেই পাবেন আন্তর্জাতিক স্বীকৃতি। এন আই চৌধুরী জানান, ‘ওই পরীক্ষা দুটিও ব্রিটিশ কাউন্সিলের তত্ত্বাবধানে বাংলাদেশে অনুষ্ঠানের ব্যবস্থা করা যাবে। আশা করি, শিগগিরই বাংলাদেশে পরীক্ষা দুটো নিতে পারব আমরা।’ টুইনিং নামের এ প্রকল্পে দুই বছর আইসিএইডব্লিউ বাংলাদেশের বেশ কিছু সিএ ফার্মের উন্নয়নে পাইলট প্রকল্প হাতে নেয়। আইসিএবি বর্তমানে শত ভাগ দক্ষতার সঙ্গে কাজ চালিয়ে যেতে সক্ষম বলে জানান তিনি।নতুন পাঠ্যক্রম: আইসিএবির নতুন সিলেবাসে তিনটি লেভেলে শিক্ষার্থীকে ১৮টি বিষয়ের ওপর পরীক্ষায় বসতে হবে। আগে লেভেলগুলোকে প্রফেশনাল লেভেল-১, ২, ৩ বলা হলেও বর্তমানে লেভেলগুলো প্রফেশনাল স্টেজ—নলেজ লেভেল, প্রফেশনাল স্টেজ—অ্যাপ্লিকেশন লেভেল ও অ্যাডভান্সড স্টেজ নামে পরিচিত। আইসিএইডব্লিউর সিলেবাসের কোর্সগুলো এতে অন্তর্ভুক্ত। প্রফেশনাল স্টেজ (নলেজ লেভেল): নতুন সিলেবাসে সাতটি বিষয় পড়তে হবে এবং পরীক্ষার মোট নম্বর ৭০০। বিষয়গুলো হলো—অ্যাসুরেন্স, হিসাববিজ্ঞান, ব্যবসায় ও অর্থায়ন, ব্যবস্থাপনা তথ্য, ট্যাক্স-১, ব্যবসায় ও বাণিজ্যিক আইন এবং তথ্যপ্রযুক্তি জ্ঞান। অ্যাপ্লিকেশন লেভেল: এ লেভেলের বর্তমান সিলেবাসের বিষয়গুলো হলো অডিট ও অ্যাসুরেন্স, ফিন্যান্সিয়াল হিসাববিজ্ঞান, ব্যবসায় কৌশল, অর্থ ব্যবস্থাপনা, ট্যাক্স-২, করপোরেট আইন ও প্রয়োগ এবং আইটি প্রয়োগ। এ লেভেলে ৭০০ নম্বরে সাতটি বিষয়ে পরীক্ষা হবে। অ্যাডভান্সড স্টেজ: এই লেভেলে শিক্ষার্থীকে পড়তে হবে চারটি বিষয়। সেগুলো হলো—ফিন্যান্সিয়াল ও করপোরেট রিপোর্টিং, অ্যাডভান্সড অডিট ও অ্যাসুরেন্স, বিজনেস অ্যানালাইসিস ও কেস স্টাডি। মোট নম্বর ৪০০।পরীক্ষাপদ্ধতি: মোট ১৮টি বিষয়ে তিন পর্বে পরীক্ষা নেবে আইসিএবি। মোট নম্বর ১৮০০। পরীক্ষার সময় নলেজ লেভেলে দেড় ঘণ্টা, (ট্যাক্সেশন বাদে) অ্যাপ্লিকেশন লেভেলে আড়াই ঘণ্টা এবং অ্যাডভান্স লেভেলে তিন ঘণ্টা। তবে নতুন পরীক্ষাপদ্ধতিতে কোনো পরীক্ষার্থী সংশ্লিষ্ট লেভেলের যে বিষয়ে অকৃতকার্য হবেন, কেবল ওই বিষয়টি পরবর্তী সময়ে পরীক্ষা দেবেন। এ জন্য তাঁকে লেভেলের কৃতকার্য অন্য বিষয়গুলো আর পরীক্ষা দিতে হবে না। অকৃতকার্য বিষয়ে একজন প্রার্থী সর্বোচ্চ ছয়বার পরীক্ষা দিতে পারবেন। রহমান রহমান হকে সিএ প্রশিক্ষণরত মো. সিদ্দিকুর রহমান জানান, ‘সিএ পরীক্ষার এই নতুন পদ্ধতি আমাদের জন্য খুবই ভালো হয়েছে। কারণ কেউ একটি বিষয়ে অকৃতকার্য হলে আবার সব বিষয়ে পরীক্ষা দেওয়াটা সত্যিই কষ্টের।’ নতুন এই পদ্ধতিতে প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে এ বছরের মে-জুন সেশনে।