সিএনএন-ফক্সের ভুল খবরে বিভ্রান্ত ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএনএন ও ফক্স টিভিতে খবর শুনছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। খবর শুনে ওবামার আক্কেলগুড়ুম। খবরে বলা হয়, ওবামার স্বাস্থ্যসেবা আইন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক আইন অনুসারে অসাংবিধানিক। তাই এটি বাতিল করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। খবর শুনে ওবামা যখন প্রায় হতাশ তখনই আবার প্রচারিত হয় উল্টো খবর। নড়েচড়ে বসেন মার্কিন প্রেসিডেন্ট। খবরে বলা হয়, আদালত ওবামার স্বাস্থ্যসেবা আইন বহাল রেখেছেন। জনগণের জন্য স্বাস্থ্য বিমাকে সে দেশের অন্যান্য করের পর্যায়ে ফেলার পক্ষে মত দিয়েছেন সুপ্রিম কোর্ট।

আসলে টিভি চ্যানেলগুলোর প্রতিযোগিতার কারণেই ঘটেছে এই বিপত্তি। দ্রুত খবর প্রচারের জন্য সিএনএন ও ফক্স নিউজ চূড়ান্ত রায় ঘোষণার আগেই খবর প্রচার করে। দ্য ডেইলি মেইলে প্রকাশিত খবরে প্রধান বিচারপতি জন রবার্টস প্রাথমিকভাবে বলেছিলেন, বাণিজ্যিক আইন অনুসারে ওবামার স্বাস্থ্যসেবা আইন, যেখানে সবাইকে স্বাস্থ্য বিমা কিনতে বাধ্য করার কথা বলা হয়েছে, তা বাতিল করা হলো। তবে কয়েক মিনিট পরেই তিনি বলেন, পাঁচ-চার ভোটে ওবামার স্বাস্থ্যসেবা আইন গ্রহণযোগ্য হয়েছে। স্বাস্থ্য বিমাকে কর হিসেবে দেখার পক্ষেই রায় দেন আদালত। স্বয়ং প্রেসিডেন্টকে নিয়ে ভুল খবর দেওয়ায় তোপের মুখে পড়েছে সিএনএন ও ফক্স। সঙ্গে সঙ্গেই অবশ্য দুঃখপ্রকাশ করেছে সিএনএন। সিএনএন এক বিবৃতিতে জানায়, তারা পুরো রায় শোনার আগেই খবর প্রচার করে। কিন্তু কয়েক মিনিট পরেই আবার সংশোধনী দেওয়া হয়। ফক্স অবশ্য দায়ভার পুরোপুরি নিজের কাঁধে না নিয়ে বলেছে যখন যা ঘটেছে তখন তাই জানানো হয়েছে। যখন বিচারক বলেছেন ওবামার স্বাস্থ্যসেবা আইনে সবার জন্য স্বাস্থ্য বিমা বাধ্যতামূলক অংশটি অসাংবিধানিক, তখন তাই প্রচার করা হয়েছে। আর আদালত যখন স্বাস্থ্যসেবা আইনের পক্ষে রায় দিয়েছেন, তখন সেই খবর প্রচার করা হয়েছে।