সিএনএনের কড়া সমালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি লিবিয়ার বেনগাজিতে নিহত মার্কিন রাষ্ট্রদূতের ডায়েরি থেকে তথ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাষ্ট্রের শীর্ষ টেলিভিশন নেটওয়ার্ক সিএনএনের কড়া সমালোচনা করেছে দেশটির সরকারি মুখপাত্র। নিহত রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সের পরিবারের আপত্তি সত্ত্বেও সিএনএন এই ডায়েরির তথ্য ব্যবহার করে প্রতিবেদন তৈরি করেছে বলে অভিযোগ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বেনগাজিতে চরমপন্থীদের উত্থান ও আল-কায়েদার শক্তি বৃদ্ধিতে উত্কণ্ঠা প্রকাশ এবং আল-কায়েদার আক্রমণের তালিকায় তাঁর নামও আছে বলে ডায়েরিতে উল্লেখ করেছিলেন স্টিভেন্স।১১ সেপ্টেম্বর মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অবমাননা করে নির্মিত চলচ্চিত্রের প্রতিবাদে বেনগাজিতে মার্কিন দূতাবাসে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় রাষ্ট্রদূত স্টিভেন্সসহ মোট চারজন নিহত হন। সে সময় বিধ্বস্ত মার্কিন দূতাবাস থেকে উদ্ধার করা হয় স্টিভেন্সের নিজ হাতে লেখা ওই ডায়েরি। এটির অস্তিত্ব সম্পর্কে জানার পর এখান থেকে কোনো তথ্য নিয়ে সংবাদ পরিবেশন না করার আহ্বান জানানো হয় স্টিভেন্সের পরিবারের পক্ষ থেকে। কিন্তু সিএনএন এই অনুরোধ অগ্রাহ্য করে ডায়েরির তথ্য ব্যবহার করার মাধ্যমে নীতিবহির্ভূত কাজ করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মুখপাত্র ফিলিপ্পে রেইনেস এক বিবৃতিতে সিএনএনের কড়া সমালোচনা করে বলেছেন, ‘যেখানে চারজন মার্কিন নাগরিক দেশের জন্য কাজ করতে গিয়ে নিহত হয়েছেন, সেখান থেকে নিহত ব্যক্তির ডায়েরি নিয়ে সেটা পড়ে, নিউজরুমের সবাইকে পড়িয়ে, নিজেদের কৌতূহল মিটিয়ে তারপর তারা সেই ব্যক্তির পরিবারকে বা কর্তৃপক্ষকে জানানোর ব্যাপারে চিন্তা করবে?’ডায়েরিটি তাদের পারিবারিক সম্পত্তি বলে দাবি করেছিলেন স্টিভেন্সের পরিবারের সদস্যরা। তাঁরা পড়ে দেখার আগে ডায়েরির ওপর ভিত্তি করে কোনো সংবাদ প্রকাশ না করার অনুরোধও জানিয়েছিলেন তাঁরা। কিন্তু তাঁদের সেই সুযোগ দেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন রেইনেস। তিনি বলেছেন, ‘স্টিভেন্সের পরিবারকে ডায়েরিটা পড়ে দেখার কোনো সুযোগ দেওয়া হয়নি। আরও কয়েকটা দিন সিএনএন নিজেদের সংযত রাখতে পারত। কিন্তু তারা সেটা করেনি।’সিএনএন জানিয়েছে, ওই ডায়েরিতে এমন কিছু তথ্য ছিল, যেগুলো নিয়ে প্রতিবেদন প্রকাশ করা উচিত বলে মনে করেছিল তারা। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের জবাবে এমনটাই বলেছে মার্কিন এই টেলিভিশন নেটওয়ার্ক। বার্তা সংস্থা রয়টার্সকে পাঠানো এক বিবৃতিতে সিএনএন বলেছে, ‘বেনগাজিতে ওই হামলার আগে সেখানে যে এ বিষয়ে একটা ভয় ও আশঙ্কা ছিল, সেটা বেশ কয়েকটা সূত্র থেকেই জানতে পেরেছিল সিএনএন। এবং আমাদের মনে হয়েছিল, জনগণেরও এটা জানার অধিকার আছে যে আগে থেকে ধারণা করা সত্ত্বেও কেন সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি স্টিভেন্স ও মার্কিন কর্মকর্তাদের সুরক্ষার জন্য।’