সিএনজি অটোরিকশা চলছে মিটারের পাশাপাশি চুক্তিতেও
রাজধানীতে সিএনজিচালিত অটোরিকশায় মিটারের পাশাপাশি চুক্তিতেও যাত্রীবহন চলছে। মিটারে না চলায় গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বেশ কয়েকজন অটোরিকশাচালকের শাস্তি নিশ্চিত করেছেন যাত্রীরা।যাত্রীরা অটোরিকশাচালকদের দৌরাত্ম্য কমাতে ম্যাজিস্ট্রেটদের দুই ভাগ করে সকাল ও বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানিয়েছেন। গতকালও বেশ কিছু অটোরিকশার মিটারে কারসাজি পাওয়া গেছে।গতকাল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও ঢাকা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শেরেবাংলা নগর, বনানী, নিউমার্কেট, উত্তরা, রমনা, মিরপুর ও গুলশানে সাতটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসব আদালত যাত্রীদের চাহিদামতো গন্তব্যে না যাওয়া, মিটারে যাত্রীবহন না করা ও মিটারে কারসাজির দায়ে ১০৪টি মামলা করেন। এসব মামলায় তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয় ৪৩ হাজার ২৫০ টাকা।ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ চুক্তিতে যাত্রীবহনসহ বিভিন্ন অপরাধে ৪৩০টি মামলা করেছে। অটোরিকশা আটক করা হয়েছে ৪২টি।দুপুরে শাহবাগে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গেটে ব্যাংক কর্মকর্তা আওলাদ হোসেন বলেন, বেলা ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত অনেক চালক মিটারে যেতে রাজি হন। কিন্তু খুব সকালে ও বিকেলে অফিস ছুটি হলে কাউকে মিটারে যাওয়ায় রাজি করানো যায় না। কাছের গন্তব্যগুলোতে যেতে চান না চালকেরা। তাই ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম দুই ভাগে ভাগ করে করলে ভালো হবে।দুপুরে আগারগাঁওয়ে দেখা গেছে, ভ্রাম্যমাণ আদালত অন্তত ৫০টি অটোরিকশাকে দাঁড় করিয়ে যাত্রীরা মিটারে এসেছেন কি না, জানতে চাইছেন। জবাবে যাত্রীরা মিটারে আসার কথা জানান। এসব যাত্রীর অনেকে অভিযোগ করেন, বিকেলে চালকেরা মিটারে যেতে চান না।বেলা দুইটায় ধানমন্ডি ২৭ নম্বর সড়কে স্কুলশিক্ষক আমিনুল হক জানান, তিনি মিটারে অটোরিকশায় মিরপুর থেকে এসেছেন। তবে বেশ কয়েকজন চালক মিটারে আসতে চাননি। এই চালক রাজি হয়েছেন। ওই এলাকায় কেনাকাটা করতে আসা ফারাহ নাজ জানান, তিনিও মিটারেই আজিমপুর থেকে এসেছেন। তবে মিটার ঠিক আছে কি না, এ বিষয়ে তাঁর ধারণা নেই।মিটারে কারসাজি: আন্তর্জাতিক বাণিজ্য মেলা গেট থেকে আগারগাঁও সিগন্যালের দূরত্বে যাওয়ার সময় মিটারে কারসাজি ধরা পড়ায় ঢাকা মেট্রো থ-১৪-২৪৫৬ নম্বরের অটোরিকশার চালক আলমগীর হোসেনের বিরুদ্ধে মামলা ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তবে চালক দাবি করেন, তিনি মিটার কারসাজি করেননি। ঝাঁকি খাওয়ায় ভাড়া বেড়ে যেতে পারে। কারসাজি ধরা পড়ার পর চালক ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে তর্ক জুড়ে দেন। আদালত জরিমানার পাশাপাশি চালককে প্রকাশ্যে কান ধরে উঠ-বস করান।আগারগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাজমুল হুদা সিদ্দিকী। তিনি বলেন, যাত্রীরা ঠিকভাবে সহায়তা করলে চালকদের দৌরাত্ম্য কমানো সম্ভব।চুক্তিতে যাত্রীবহন: আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে মিরপুর-১০ নম্বরের দূরত্ব চার কিলোমিটার। মিটার অনুযায়ী যাত্রীবহন করলে এই পথের ভাড়া হয় ৩৯ টাকা। যানজটের কারণে আরও ১০ টাকা ধরলে ভাড়া ৪৯ টাকা হয়। কিন্তু ঢাকা মেট্রো থ ১২-৮৯৩৪ নম্বরের অটোরিকশার চালক মো. হেজবুল্লাহ যাত্রীকে ১০০ টাকায় যেতে বাধ্য করেন।চুক্তিতে যাত্রীবহনের দায়ে মাঝপথে ভ্রাম্যমাণ আদালত ওই অটোরিকশাটি আটক করে মামলা ও জরিমানা করেন। ওই অটোরিকশার যাত্রী একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা জানান, অন্তত ৫০ জন চালককে অনুরোধ করলেও কেউ মিটারে আসতে রাজি হননি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চালকের শাস্তি নিশ্চিত করা আরেকজন হলেন সরকারি কর্মকর্তা মাসুদুল হক। তিনি জানান, শাহবাগ থেকে মিরপুর চিড়িয়াখানায় কোনো চালক মিটারে যেতে রাজি হননি। একজন ২০০ টাকা দাবি করেন, ১৫০ টাকায়ও তাঁকে রাজি করানো যায়নি। সঙ্গে স্ত্রী থাকায় বাধ্য হয়ে তিনি ২০০ টাকাতেই রাজি হন। পথে ভ্রাম্যমাণ আদালত দেখে স্বস্তি পান। তাঁর অভিযোগের ভিত্তিতে আদালত চালকের বিরুদ্ধে মামলা ও জরিমানা করেন। ওই অটোরিকশার নম্বর ঢাকা মেট্রো থ-১২-৬৫৯০। চালক মিন্টু মিয়া দাবি করেন, তিনি ২০০ টাকায় চুক্তি করেননি। ২০ টাকা বাড়িয়ে দিতে বলেছিলেন।