সিএনজি অটোরিকশা ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগ
পুলিশের হয়রানি, চাঁদাবাজি বন্ধ করা ও অতিরিক্ত জমা আদায়কারী মালিকদের শাস্তিসহ ১০ দফা দাবিতে সিএনজিচালিত অটোরিকশা চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট আজ বৃহস্পতিবারও চলছে।এদিকে পণ্যবাহী যানে ডাকাতি, পুলিশের চাঁদাবাজি বন্ধ করাসহ ১৪ দফা দাবিতে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান, ট্রান্সপোর্ট এজেন্সি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সারাদেশে ৪৮ ঘণ্টার ধর্মঘট আজও চলছে।সিএনজিচালিত অটোরিকশার ধর্মঘটের ফলে গতকাল বুধবার রাজধানীতে যাত্রীরা দুর্ভোগে পড়েন। আজও সকালে কর্মস্থলে যাওয়ার সময় দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। রাজধানীতে বাসগুলোতে ছিল অতিরিক্ত যাত্রীর ভিড়। এ ছাড়া রিকশাচালকেরাও প্রায় দ্বিগুণ ভাড়া নিয়েছেন।গতকাল থেকে রাজধানীসহ দেশের কোথাও ট্রাক ও কাভার্ডভ্যানে পণ্য পরিবহন করেননি বলে দাবি করেছেন সংশ্লিষ্ট সংগঠনের নেতারা। ফলে সারা দেশে পণ্য পরিবহনব্যবস্থা গতকাল অচল হয়ে পড়েছিল।