সিএনজি অটোরিকশার জমা ও ভাড়া বাড়ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার সিএনজিচালিত অটোরিকশার ভাড়া ও দৈনিক জমা না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ে সিএনজি অটোরিকশার মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকের পর সড়ক বিভাগের সচিব মোজাম্মেল হক খান সাংবাদিকদের এ কথা জানান। সরকারের সিদ্ধান্ত মেনে অটোরিকশার শ্রমিক ও মালিক পক্ষ আগামী ৩ জুলাই আহূত ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে।প্রসঙ্গত, ঢাকা ও চট্টগ্রাম নগরে সিএনজি অটোরিকশার ভাড়া ও দৈনিক জমা বাড়ানোসহ ১১ দফা দাবিতে মালিক ও শ্রমিকদের তিনটি সংগঠন আগামী ৩ জুলাই ধর্মঘট ডেকেছিল। আজ সিএনজি অটোরিকশার শ্রমিক ও মালিকদের সংগঠনের সঙ্গে যোগাযোগ মন্ত্রণালয় বৈঠক করে। মোজাম্মেল হক খান জানান, সিএনজি অটোরিকশার মালিকেরা দৈনিক জমা বাড়ানোর দাবি জানালেও সরকার তা গ্রহণ করেনি। একইভাবে সিএনজি অটোরিকশার শ্রমিকদের করা ভাড়া বাড়ানোর দাবিও গৃহীত হয়নি। তবে সরকার অটোরিকশার বয়সসীমা দুই বছর বাড়িয়েছে। এ ছাড়া শ্রমিকদের কাছ থেকে মালিকেরা দৈনিক জমা বেশি নিলে তাঁদের গাড়ির কাগজপত্র নবায়ন করা হবে না। সরকার পক্ষ সিএনজি অটোরিকশার জন্য স্ট্যান্ড তৈরির দাবিটি নিয়ে ঢাকা সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছে। এ পরিপ্রেক্ষিতে অটোরিকশার মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা আগামী ৩ জুলাইয়ের ধর্মঘট প্রত্যাহার করেছে। ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।আজকের বৈঠকে ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন, ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন, ঢাকা অটোরিকশা ব্যবসায়ী মালিক সমিতি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।