সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের বায়েজিদ থানাধীন ট্যানারি বটতল এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে চালক ও ছয় যাত্রী আহত হয়েছেন। এঁদের মধ্যে তিনজন সহোদর। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। শবে বরাত উপলক্ষে গতকাল রোববার দিবাগত রাত একটার দিকে মাজার জিয়ারত করতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন তিন সহোদর সাহাবউদ্দিন (২৮), আলাউদ্দিন (২৪), রাজু ইসলাম (২৬) এবং তাঁদের ভগ্নিপতি জাহাঙ্গীর (২৫)। আহত অন্যরা হলেন রবিউল (২৪), হেলাল (২৪) ও চালক সাহাবুদ্দিন (২৬)। চালক ছাড়া অন্যদের বাসা খুলশী থানাধীন ওয়ারলেস কলোনি এলাকায়।আহত ব্যক্তিদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ সোমবার দুপুরে গুরুতর আহত জাহাঙ্গীর ও সাহাবউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। এঁদের দুজনেরই শরীরের ৫০ শতাংশের বেশি পুড়ে গেছে বলে চিকিৎসকেরা জানান।পুলিশ সূত্রে জানা গেছে, সিএনজিচালিত ওই অটোরিকশাটি ট্যানারি বটতল এলাকায় পৌঁছার পর এর পেছনে থাকা গ্যাস সিলিন্ডারটির বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে অটোরিকশায় আগুন লেগে যায়। কিন্তু অটোরিকশার দুই পাশের দরজা লাগানো থাকায় যাত্রীরা বের হতে পারেননি। এ সময় তাঁদের শরীরেও আগুন ধরে যায়। পরে স্থানীয় লোকজন এসে পানি দিয়ে আগুন নেভায় এবং আহত ব্যক্তিদের উদ্ধার করে বলে পুলিশ জানায়।এ প্রসঙ্গে বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আওয়াল বলেন, যানবাহন কম থাকায় একটি সিএনজিতে ছয়জন যাত্রী ছিল। সিলিন্ডার বিস্ফোরণে অটোরিকশার পেছনের অংশ পুড়ে যায়। দরজা লাগানো থাকায় চালক ও যাত্রীরা বের হতে পারেনি।