সিএনজি যাত্রীরা জিম্মি, মালিক-চালক লাভবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে সিএনজিচালিত অটোরিকশাচালকদের কাছে যাত্রীরা এখন পুরোপুরি জিম্মি। সরকারের দীর্ঘদিনের চেষ্টা সত্ত্বেও ইচ্ছেমতো ভাড়া হাঁকা এবং পছন্দ না হলে যাত্রীর কাঙ্ক্ষিত গন্তব্যে না যাওয়ার প্রবণতা কমেনি। নিজেদের ভালো আয় হলেও অটোরিকশার মালিক ও চালক—উভয় পক্ষই বেশি ব্যয়ের কথা বলে যাত্রীর ওপর বাড়তি খরচের বোঝা চাপাচ্ছে। নীতিমালা অনুযায়ী, মিটার মেনে ভাড়া আদায় এবং যাত্রীদের চাহিদামতো গন্তব্যে যেতে বাধ্য অটোরিকশাচালকেরা। সরকার-নির্ধারিত জমার (মালিকের প্রাপ্য ভাড়া) অতিরিক্ত অর্থ আদায়ও নিষিদ্ধ। কিন্তু মালিক-শ্রমিক কেউ এসব শর্ত মানছেন না। গত নয় বছরেও সরকার তাঁদের আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছে।গতকাল শনিবার দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে দেখা যায়, অন্তত ১৫টি অটোরিকশা যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে যায়। তবে এর একটিও মিটারে যায়নি।মহাখালীর কলেরা হাসপাতালের (আইসিডিডিআরবি) সামনে যাওয়ার জন্য সুজন মিয়া ১৫০ টাকায় একটি অটোরিকশা ভাড়া করেন। অথচ এই পথের দূরত্ব মাত্র সাত কিলোমিটার। যানজট, যাত্রাবিরতি ও ট্রাফিক সিগন্যালে থামা ধরেও সরকার-নির্ধারিত হারে এই পথের ভাড়া ৭০ টাকার মধ্যে হওয়ার কথা। মালিকেরা জমা বেশি নেন—এই অজুহাতে চালকেরা যাত্রীদের বেশি ভাড়া দিতে বাধ্য করেন। যাত্রীর পছন্দের গন্তব্যে যেতে না চাওয়া তাঁদের ভাড়া বাড়ানোর একটি কৌশল। যানজট, গ্যাস না থাকা ইত্যাদি ওজর দেখিয়ে তাঁরা যাত্রীর প্রয়োজনীয় গন্তব্যে (বিশেষ করে কম দূরত্ব হলে) যেতে অস্বীকৃতি জানান।ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন দাবি করেন, মালিকেরা জমা বেশি নেন বলেই চালকেরা যাত্রীদের জিম্মি করেন।খরচ ও জমা বাদ দিয়ে যথেষ্ট আয় হয় না বলে মালিক ও চালক—উভয়ে দাবি করলেও অনুসন্ধানে জানা গেছে, অটোরিকশা থেকে মোটা অঙ্কের আয় হয়। এটি চালকদের একের পর এক যাত্রীকে ‘না’ করে দেওয়ার অন্যতম কারণ। এই প্রতিবেদক বিষয়টি খতিয়ে দেখতে রাজধানীর বিভিন্ন স্থানে অন্তত ১০ জন চালকের সঙ্গে কথা বলেন। বেশির ভাগ চালকই জানান, তাঁরা দুই বেলার জন্য অটোরিকশা ভাড়া নিয়ে থাকেন। আয় হয় এক হাজার ৬০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত। জ্বালানি খরচ ও মালিকের জমা বাদ দিয়ে দিন শেষে ৪০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত আয় থাকে। মালিক ও শ্রমিকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ২৪ ঘণ্টাকে তিন ভাগে ভাগ করে অটোরিকশা ভাড়া দেন মালিকেরা। ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত এক বেলার জন্য ভাড়া সর্বনিম্ন ৫০০ টাকা। ভোর ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত ৮০০ টাকা। আর ২৪ ঘণ্টার জন্য ভাড়া এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ টাকা। অথচ সারা দিনের (২৪ ঘণ্টা) জন্য সরকার-নির্ধারিত জমা মাত্র ৬০০ টাকা।এ রকম রমরমা আয়ের কারণে রাজধানীতে অটোরিকশা এখন সোনার হরিণ। বাজারে এর দাম (প্রকৃতপক্ষে নিবন্ধন নম্বর) হুহু করে বাড়ছে। একটি নতুন অটোরিকশার দাম প্রায় চার লাখ টাকা। নিবন্ধন নম্বরসহ ঢাকায় তা বিক্রি হচ্ছে পাঁচ থেকে ১১ লাখ টাকায়।গত এক মাসের মধ্যে অটোরিকশা কেনাবেচা করেছেন এমন একাধিক ব্যক্তি বলেন, ২০০৩ ও ২০০৪ সালে নিবন্ধন নেওয়া যানগুলোর মেয়াদ শেষ পর্যায়ে। আট থেকে নয় বছর চালানো ওই পুরোনো অটোরিকশা বিক্রি হচ্ছে পাঁচ লাখ টাকায়। সরকার মেয়াদ দুই বছর বাড়াতে পারে—এ রকম খবর থাকায় মনে করা হচ্ছে, দুই বছর চালাতে পারলে পুঁজি উঠে যাবে। যেসব অটোরিকশার মেয়াদ শেষ হওয়ার আগেই বিকল হয়ে গেছে, সেগুলোর পরিবর্তে বিআরটিএ কিছু নতুন অটোরিকশার নিবন্ধন দিয়েছে। বাজারে এগুলোর দাম ১১ লাখ টাকা করে।গত সেনাশাসিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে চালকদের মধ্যে নতুন পাঁচ হাজার অটোরিকশা বিতরণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু মালিকদের একাংশের মামলার কারণে সেটি আটকে আছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা চলছে। বিআরটিএ নতুন করে আরও পাঁচ হাজার অটোরিকশার নিবন্ধন দেওয়ার প্রস্তাব যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এটি এখন অনুমোদনের অপেক্ষায় আছে। এ ছাড়া মিশুকের পরিবর্তে দুই হাজার ৬৯৬টি অটোরিকশা নামানোর লক্ষ্যে বিজ্ঞপ্তি দিয়ে আবেদন চাওয়া হয়েছে। আজ রোববার আবেদনের শেষ তারিখ। সব মিলিয়ে সরকারের প্রায় শেষ সময়ে এসে ঢাকায় ১৩ হাজার অটোরিকশা নামানোর প্রক্রিয়া চলছে। যোগাযোগ মন্ত্রণালয় ও বিআরটিএর কর্মকর্তারা বলছেন, এতে চালকদের দৌরাত্ম্য কমতে পারে। তবে এই খাত সংশ্লিষ্ট অনেকের ধারণা, এটি ‘রাজনৈতিক বিবেচনায় উপহার’ হতে যাচ্ছে। তাদের আশঙ্কা, সরকারের শেষ সময়ে এসে ১৩ হাজার অটোরিকশার নিবন্ধন দেওয়া নিয়ে কমিশন-বাণিজ্য শুরু হবে।জানতে চাইলে ঢাকা অটোরিকশা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি বরকত উল্লাহ প্রথম আলোকে বলেন, চাহিদার তুলনায় অটোরিকশার সংখ্যা কম। এ জন্যই এটা এখন হটকেক। আর মালিকেরা বেশি দামে অটোরিকশা কেনেন বলে সরকারি জমা হার মানতে পারেন না।