সিএনজি স্টেশন ছয় ঘণ্টা করে বন্ধই থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজানের শুরুতে সারা দেশের সিএনজি স্টেশনগুলো প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত বন্ধ রাখার যে সরকারি সিদ্ধান্ত কার্যকর করা হয়েছিল, তা অব্যাহত থাকবে। নির্ভরযোগ্য সরকারি সূত্র জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রমজান মাসের শুরুর দিকে চালু করা সময়সূচিই বহাল থাকবে।সরকার গত ১৬ আগস্ট থেকে প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত সারা দেশের সিএনজি স্টেশনগুলো ছয় ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করে। বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়িয়ে বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি ও গৃহস্থালি পর্যায়ে গ্যাসের চাপ বৃদ্ধির জন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছিল। তখন ধারণা করা হয়েছিল, ঈদের পর আবার আগের মতোই সিএনজি স্টেশনগুলো দিনরাত খোলা রাখা হবে। সিএনজি স্টেশনের মালিক সমিতির দাবিও ছিল তা-ই।এ ব্যাপারে জানতে চাইলে সিএনজি স্টেশন মালিক সমিতির কয়েকজন নেতা গতকাল রাতে প্রথম আলোকে বলেন, সরকারি পর্যায় থেকে তাঁরাও জেনেছেন, সিএনজি স্টেশনগুলো প্রতিদিন ছয় ঘণ্টা করে বন্ধই রাখা হবে। এ ব্যাপারে করণীয় নির্ধারণের জন্য আগামী শনিবার মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির সভা আহ্বান করা হয়েছে। এরই মধ্যে অধিকাংশ মালিক ধর্মঘটের মতো কর্মসূচি নেওয়ার পক্ষে মত দিয়েছেন।গ্যাসের ঘাটতি পুরোনো সমস্যা উল্লেখ করে কয়েকজন নেতা বলেন, গত দু-তিন বছরেও ঘাটতি পূরণ করতে পারেনি পেট্রোবাংলা। উৎপাদন বৃদ্ধির কার্যকর পদক্ষেপ না নিয়ে ব্যবহার কমানোর চিন্তা কোনো কাজের কথা নয়। এটা আর বেশি দিন মেনে নেওয়া যাবে না। তাঁরা বলেন, সর্বোচ্চ চাহিদার সময় প্রতিদিন ছয় ঘণ্টা স্টেশন বন্ধ রাখায় বিক্রি অনেক কমে গেছে। ফলে অনেক মালিকের পক্ষেই ব্যাংকের ঋণ পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। দেউলিয়াও হয়ে যেতে পারেন অনেকে।দেশের ৫৫৬টি সিএনজি স্টেশনে প্রতিদিন ব্যবহূত মোট গ্যাসের পরিমাণ সাড়ে ১০ কোটি ঘনফুট, যা বর্তমানে উৎপাদিত মোট গ্যাসের ২ শতাংশের মতো।