সিএনজি স্টেশন ছয় ঘণ্টা বন্ধের আদেশ প্রত্যাহার করা না হলে ধর্মঘট
সিএনজি স্টেশন ছয় ঘণ্টা বন্ধের সরকারি আদেশ প্রত্যাহার করা না হলে ধর্মঘটের ডাক দেবে সিএনজি স্টেশন মালিক সমিতি। সরকারের এ আদেশ প্রত্যাহার করাসহ বিভিন্ন দাবি জানিয়ে কাল রোববার জ্বালানি মন্ত্রণালয়ে চিঠি দেবেন সমিতির নেতারা। নেতাদের চিঠি পাওয়ার পরও যদি সরকারের কাছ থেকে কোনো ইতিবাচক জবাব না আসে, তবে ধর্মঘট ডাকতে বাধ্য হবে সমিতি।আজ শনিবার রাতে নিজস্ব কার্যালয়ে সমিতির কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জানতে চাইলে সিএনজি স্টেশন মালিক সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রথম আলোকে বলেন, সিএনজি স্টেশনগুলো প্রতিদিন ছয় ঘণ্টা করে বন্ধ রাখার যে সিদ্ধান্ত সরকার দিয়েছে, তাতে জনদুর্ভোগ বেড়েছে। একইসঙ্গে অর্থনৈতিক ক্ষতিও হচ্ছে। তিনি বলেন, এ ব্যাপারে করণীয় নির্ধারণের জন্য আজ কার্যনির্বাহী কমিটির সভা আহ্বান করা হয়েছিল। ইতিমধ্যে সব মালিক ধর্মঘট কর্মসূচি নেওয়ার পক্ষে মত দিয়েছেন। সরকার তাদের সিদ্ধান্ত থেকে সরে না এলে আগামী বৈঠকে ধর্মঘটের দিন তারিখ জানানো হবে। প্রসঙ্গত, সরকার পবিত্র রমজানের শুরুতে গত ১৬ আগস্ট থেকে প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত সারা দেশের সিএনজি স্টেশনগুলো ছয় ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করে। বিদ্যুেকন্দ্রে গ্যাস সরবরাহ বাড়িয়ে বিদ্যুত্ উত্পাদন বৃদ্ধি ও গৃহস্থালি পর্যায়ে গ্যাসের সরবরাহ বাড়ানোর জন্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছিল। তখন বলা হয়েছিল, ঈদের পর আবার আগের মতোই সিএনজি স্টেশনগুলো দিন-রাত খোলা রাখা হবে। সিএনজি স্টেশনের মালিক সমিতির দাবিও ছিল তা-ই।কিন্তু ঈদের পরে সরকারের পক্ষ থেকে জানানো হয়, সিএনজি স্টেশনগুলো প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত বন্ধ রাখার যে সরকারি সিদ্ধান্ত কার্যকর করা হয়েছিল, তা অব্যাহত থাকবে।