সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, অটোরিকশার ভাড়া বেড়েছে
দেশের প্রায় সব সিএনজি স্টেশনে গতকাল মঙ্গলবার সকাল থেকেই ছিল যানবাহনের দীর্ঘ লাইন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই লাইনও দীর্ঘতর হয়েছে। আর বাণিজ্যিক যানবাহনগুলো গ্যাস পেয়েই রাস্তায় নেমে ইচ্ছেমতো ভাড়া হেঁকেছে। এটিই পূর্ণাঙ্গ চিত্র নয়। এর পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে গ্যাস না পাওয়ায় অনেক যানবাহন, বিশেষ করে ট্যাক্সিক্যাব ও বেবিট্যাক্সি ঠেলে নিয়ে যেতে দেখা গেছে। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত কার্যকর হওয়ার দ্বিতীয় দিনের চিত্র ছিল এটি। গতকাল গ্যাস নেওয়ার আগেই স্টেশন বন্ধ হয়ে যাওয়ার সময় হওয়ায় সাভার ও নরসিংদীতে কিছু যানবাহনের চালকেরা উত্তেজিত হয়ে ওঠেন। সাভারে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ ডাকতে হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সিএনজি স্টেশন এনার্জি প্লাসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ। গত সোমবার রাজধানীর আমিনবাজারেও এমন ঘটনা ঘটেছিল। এ অবস্থায় সিএনজি স্টেশনের মালিক সমিতি তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে স্টেশনগুলোর নিরাপত্তা দাবি করেছে। এ বিষয়ে জানতে চাইলে সমিতির সেক্রেটারি জেনারেল জাকির হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ঢাকা ও ঢাকার বাইরে থেকে স্টেশন মালিকেরা ফোন করে তাঁদের উদ্বেগের কথা জানাচ্ছেন। প্রতিটি স্টেশনে লম্বা লাইন হচ্ছে যানবাহনের। এর মধ্যে অনেককে যানবাহন ঠেলে নিয়ে যেতে হচ্ছে। অনেক যানবাহনে যাত্রী থাকে। তারা তখন উত্তেজিত হয়ে পড়ে। তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ খান প্রথম আলোকে বলেন, ‘তাঁদের চিঠি আমরা পেয়েছি। আলোচনা করে করণীয় ঠিক করব।’মোহাম্মদপুরের তাজমহল রোড থেকে প্রতিদিন মতিঝিলে অফিস করতে যান শিরিন সুলতানা। তিনি সাধারণত সিএনজিচালিত অটোরিকশা ব্যবহার করেন। প্রথম আলো কার্যালয়ে ফোন করে তিনি জানান, আগে ১২০ টাকায় সিএনজি পাওয়া যেত। গতকাল থেকে ২০০ টাকার কমে যেতে চাইছেন না কেউ। চালক বলেছেন, গ্যাস পেতে দীর্ঘ সময় লাইন দিয়ে থাকতে হয়। আবার সন্ধ্যার দিকে গ্যাস পাওয়া যায় না। তাই কোনোক্রমে একবার যে গ্যাস পাওয়া যায় তা দিয়েই দিনের আয় তুলে নিতে হবে। এমনিতেই সিএনজি মিটারে চলে না। যাত্রীর আকাঙ্ক্ষা অনুযায়ী গন্তব্যে যায় না। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ নিয়ে টুঁ-শব্দও করে না। তার ওপর বর্তমান গ্যাস পরিস্থিতি সিএনজিচালিত যানবাহন ব্যবহারকারীদের জন্য এক বাড়তি ভোগান্তির সৃষ্টি করেছে।সিএনজি বিক্রিও অনেক কমে গেছে বলে অভিযোগ করেছেন কয়েকজন স্টেশন মালিক। সাভারের এনার্জি প্লাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বলেন, তাঁর ওই স্টেশনে প্রতিদিন বিক্রি হতো দেড় লাখ টাকার বেশি। গতকাল হয়েছে এক লাখ নয় হাজারের মতো। ফলে ব্যাংক ঋণ পরিশোধ করতে সমস্যা হবে বলে তিনি আশঙ্কা করছেন। তবে সিএনজি স্টেশন বন্ধের আরেকটি চিত্রও রয়েছে। এর ফলে ঢাকা মহানগর ও এর আশপাশে পাইপলাইনে গ্যাসের চাপ বেড়েছে। আগে যেখানে সারা দিনেও চুলা জ্বলত না, সেখানেও এখন রান্নাবাড়া করা যাচ্ছে। ইফতারি তৈরি করতে সমস্যা হচ্ছে না। বিদ্যুৎ উৎপাদনে অবশ্য সিএনজি স্টেশন বন্ধ করে পাওয়া গ্যাসের তেমন ব্যবহার হয় না। তবে সার কারখানাসহ অন্যান্য শিল্পে গ্যাস সরবরাহ সীমিত করে বিদ্যুৎকেন্দ্রে বাড়িয়ে দেওয়ায় বিদ্যুৎ উৎপাদন সাড়ে চার হাজার মেগাওয়াটের বেশি হচ্ছে। ফলে লোডশেডিং সহনীয় পর্যায়ে এসেছে বলে বিভিন্ন এলাকার গ্রাহকেরা জানান।