সিএনজি স্টেশনে ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএনজি স্টেশনে অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ শুক্রবার রাজধানীতে পেট্রোবাংলা ও জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর দুপুরে এ ধর্মঘট প্রত্যাহার করা হয়। সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন এ তথ্য জানান।ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে হয়রানি করা হচ্ছে—এমন অভিযোগ এনে আজ সকাল থেকে সারা দেশে ধর্মঘট পালন করছিল সংগঠনটি। দুপুরে পেট্রোবাংলায় প্রধানমন্ত্রীর জ্বালানি-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী, জ্বালানি সচিব মোজ্জাম্মেল হক খান ও পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুরের সঙ্গে বৈঠক করেন সংগঠনটির কর্মকর্তারা।বৈঠকে জানানো হয়, সিএনজি স্টেশন নিয়ে যেসব অভিযোগ পাওয়া গেছে, তা নিয়ে একটি কারিগরি কমিটি কাজ করছে। ওই কমিটির কাজ শেষ না হওয়া পর্যন্ত পেট্রোবাংলার ম্যাজিস্ট্রেট কোনো অভিযান চালাবেন না। একই সঙ্গে সংগঠনটির অন্যান্য দাবি-দাওয়ার বিষয়ে কমিটি গঠন করে সেই সব দাবির যৌক্তিকতা যাচাই করে পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়। এরপর সংগঠনটি ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়।সংগঠনের সহসভাপতি নজরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেছিলেন, ছয় মাস ধরেই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত সিএনজি স্টেশন ব্যবসায়ীদের হয়রানি করে চলেছেন। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার সিলেটে একটি সিএনজি স্টেশনে গিয়ে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিয়ে কর্তাব্যক্তিদের কাছে বারবার অভিযোগ দেওয়ার পরও কোনো সুরাহা হয়নি। সংগঠনের নেতারা জানিয়েছিলেন, ওই ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার না করা পর্যন্ত ধর্মঘট চলবে।এদিকে সিলেটের জেলা প্রশাসক শফিকুল ইসলাম জানান, অভিযোগ ওঠা ওই ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে নির্বাহী হাকিম আবদুল হাইয়ের নেতৃত্বে পেট্রোবাংলা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সিলেট নগরের মেন্দিবাগে ‘বেঙ্গল গ্যাসোলিন অ্যান্ড কনভারশন সেন্টারে’ অভিযান চালান। এ সময় তাঁরা প্রতিষ্ঠানটির গত পাঁচ বছরের হিসাব-নিকাশ দেখতে চান। এ নিয়ে মালিকপক্ষের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে ভ্রাম্যমাণ আদালত পাঁচ লাখ টাকা জরিমানা করে ঘটনাস্থল ত্যাগ করেন।