সিএনজি স্টেশনে ধর্মঘট স্থগিত
সিএনজি ফিলিং স্টেশনের ধর্মঘটের কর্মসূচি আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছেন মালিকেরা।আজ মঙ্গলবার সকালে পেট্রোবাংলা ও সিএনজি স্টেশন-মালিকদের জাতীয়ভিত্তিক সংগঠন ‘বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন’-এর মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকের পর মালিকদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা যায়, আগামীকাল বুধবার থেকে ধর্মঘট শুরু করার ব্যাপারে মালিক পক্ষ অনড় ছিল। পেট্রোবাংলার পক্ষ থেকে বৈঠকে বলা হয়, প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া তাঁদের দাবি পূরণ সম্ভব নয়। কিন্তু প্রধানমন্ত্রী এখন বিদেশ সফরে। তিনি আগামী ২ ডিসেম্বর দেশে ফিরবেন। তাই মালিকদের দাবি পূরণের বিষয় বিবেচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দরকার। পেট্রোবাংলার পক্ষ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ধর্মঘট স্থগিত রাখার অনুরোধ জানানো হয়। কিন্তু সিএনজি স্টেশন-মালিকদের সংগঠনের নেতারা ২০ ডিসেম্বর পর্যন্ত ধর্মঘট স্থগিত রাখার ঘোষণা দিয়ে বৈঠকে বলেন, এই সময়ের মধ্যে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় ২১ ডিসেম্বর থেকে ধর্মঘট শুরু করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। প্রতিদিন সর্বোচ্চ বিক্রির সময় বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত বাতিল করাসহ বিভিন্ন দাবিতে গত ২ অক্টোবর অ্যাসোসিয়েশনের জরুরি সাধারণ সভা থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। এই ধর্মঘট শুরু হওয়ার কথা ছিল গত ৩০ অক্টোবর থেকে। এর মধ্যে গত ২৮ অক্টোবর বিদ্যুত্ প্রতিমন্ত্রী এনামুল হকের সঙ্গে বৈঠকের পর ২৫ নভেম্বর পর্যন্ত ধর্মঘটের কর্মসূচি স্থগিত করা হয়েছিল।