সিএনজি স্টেশনের ধর্মঘট প্রত্যাহার
সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত ছয় ঘণ্টা থেকে কমিয়ে চার ঘণ্টা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সিএনজি স্টেশনের মালিকেরা আগামী মঙ্গলবার থেকে ডাকা লাগাতার ধর্মঘট প্রত্যাহার করেছেন। এর আগে গতকাল শনিবার সিএনজি স্টেশনের মালিকেরা এ ধর্মঘটের ডাক দিয়েছিলেন।আজ রোববার বিকেলে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে সিএনজি স্টেশন মালিকদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। এ ছাড়াও সিএনজি স্টেশন মালিকদের অন্য দাবিগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। বৈঠকে সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত ছয় ঘণ্টা থেকে কমিয়ে চার ঘণ্টা করা হয়েছে। বিকেল তিনটা থেকে রাত নয়টার পরিবর্তে এখন বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। কাল সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। আর আগামী ফেব্রুয়ারি মাসে সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত বৈঠকে নেওয়া হয়েছে। জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হকের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।