সিএনজিচালিত অটোরিকশা যেন সব নিয়মেরই ঊর্ধ্বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৩ সালে ঢাকায় সিএনজিচালিত অটোরিকশা চালু হওয়ার পর পাঁচবার সরকার এর ভাড়া বাড়িয়েছে। তবে ভাড়া বাড়াতে সরকার যতটা তৎপরতা দেখিয়েছে, কিন্তু তাদের নৈরাজ্য বন্ধে কোনো ব্যবস্থাই নেয়নি। আবার ঢাকার রাস্তায় ট্যাক্সিক্যাব এখন নামেই আছে। প্রায় অচল হওয়া কিছু গাড়ি দেখা যায়। কিন্তু নতুন করে কোনো ক্যাব নামছে না রাস্তায়। ফলে মধ্যবিত্তের সম্বল এখন কেবলই বাস। সিএনজিচালিত অটোরিকশা খাতের নীতিমালায় যাত্রীদের স্বার্থ রক্ষার জন্য মোটা দাগে ছয়টি ধারা রয়েছে। ধারাগুলো না মানলে পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আরেকটি ধারা সংযোজন করা হয়েছে। একটি ধারাও মানছে না চালক-মালিকেরা। সরকারও কিছু করছে না। নীতিমালার চলাচলের অনুমতি (রুট পারমিট) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘নির্ধারিত স্ট্যান্ডে অবস্থানকালে কোনো সিএনজি/পেট্রলচালিত থ্রি-হুইলারের চালক স্বল্প দূরত্বসহ সরকার-নির্ধারিত এলাকার মধ্যে যেকোনো দূরত্বে যেতে বাধ্য থাকিবে বা কোনো রকম অস্বীকৃতি জানাতে পারবে না।’সরেজমিনে দেখা গেছে, রাজধানী ঢাকার কোনো সিএনজিচালকই স্বল্প দূরত্বে এবং যাত্রীদের চাহিদামতো গন্তব্যে যায় না। নীতিমালার আইনানুগ ব্যবস্থা গ্রহণ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘সিএনজি অটোরিকশা চালক-মালিকদের মিটার ব্যবহার নিশ্চিত করতে হবে এবং মিটার টেম্পারিং (কারসাজি) থেকে বিরত থাকতে হবে।’ এ ছাড়া যাত্রীদের সঙ্গে সদাচরণের কথাও বলা হয়েছে নীতিমালায়।চালকদের কাছ থেকে সদাচরণ, যেকোনো দূরত্বে যাত্রী বহন, মিটার অনুযায়ী নির্ধারিত ভাড়া নেওয়ার এসব শর্ত ঢাকাবাসী এখন কল্পনাও করতে পারে না। প্রায় সব চালকই নির্ধারিত হারের চেয়ে কয়েক গুণ বেশি টাকা নিয়ে চুক্তিতে যাত্রী বহন করে। রাজধানী ঢাকায় প্রায় ১২ হাজার সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন দেওয়া হয়েছে। অধিকাংশ অটোরিকশায় মিটার আছে। তবে সেগুলো বিকল বা কারসাজি করা। ট্যাক্সিক্যাব: নতুন তিন হাজার ৭৪০টি নতুন ট্যাক্সিক্যাব নামাতে গত বছরের শেষের দিকে একটি নীতিমালা তৈরি করে যোগাযোগ মন্ত্রণালয়। দরপত্রও আহ্বান করা হয়। কিন্তু এখনো পর্যন্ত একটি ট্যাক্সিক্যাবও নামেনি। নতুন নীতিমালায় ঢাকা ও এর আশপাশের জন্য শীতাতপনিয়ন্ত্রিত (এসি) দুই হাজার ৭৪০টি এবং এক হাজার সাধারণ ট্যাক্সিক্যাব নামানোর প্রস্তাব ছিল। মধ্যবিত্তের বাহন হিসেবে সরকার ১৯৯৭ সালে রেয়াতি শুল্কে ট্যাক্সিক্যাব আমদানি এবং তা পরিচালনার সুযোগ দেয়। কয়েক বছরের ব্যবধানে ঢাকায় প্রায় ১১ হাজার ২৬০টি ক্যাব নামে। এর মধ্যে চার হাজার ৫১৩টি ছিল এসি এবং নন-এসি ছিল ছয় হাজার ৭৪৭টি। কিন্তু কম ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন ক্যাব আমদানির কারণে পাঁচ বছরের মধ্যেই এর অন্তত অর্ধেক অচল হয়ে যায়। সরকারের ভুল নীতিমালাই এ জন্য দায়ী। বিআরটিএ সূত্র জানায়, সচল ও অচলের বাইরে প্রায় পাঁচ হাজার ট্যাক্সিক্যাবের বয়সসীমা পেরিয়ে গেছে। নিয়মানুযায়ী বয়সসীমা পেরিয়ে যাওয়া বা অচল ক্যাবের বদলে নতুন করে ক্যাব নামানোর সুযোগ রয়েছে। কিন্তু কেউ নতুন করে ক্যাব নামাচ্ছে না। আবার খেলাপি হওয়ার কারণে ব্যাংকগুলোও নতুন করে ঋণ দিচ্ছে না। নতুন নীতিমালা করার পর সারিকা ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানিকে এক হাজার নতুন ট্যাক্সিক্যাব নামানোর অনুমোদন দিয়েছিল। তিন মাসের মধ্যে নামানোর কথা থাকলেও ওই কোম্পানি প্রয়োজনীয় ঋণ নিতে পারেনি।