সিএনজির দাম আবার বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র তিন মাস সাত দিনের মাথায় আবার বাড়ানো হয়েছে যানবাহনে পরিবেশবান্ধব ও মূল্যসাশ্রয়ী জ্বালানি হিসেবে ব্যবহূত সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম। এবার প্রতি ঘনমিটারে পাঁচ টাকা দাম বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে।‘জনস্বার্থ বিবেচনায়’ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গতকাল সোমবার রাতে এই দাম বাড়ানোর ঘোষণা দেয়। গতকাল রাত ১২টার পর থেকে এই দাম কার্যকর হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ানোর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে সিএনজির দাম বাড়ানো হলো।সংশ্লিষ্ট সরকারি সূত্রে জানা গেছে, শিগগিরই বিদ্যুতের পাইকারি দামও আবার বাড়ানো হবে। তবে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হবে আগামী নভেম্বর-ডিসেম্বরে। এর আগে গত ১ ফেব্রুয়ারি বিদ্যুতের পাইকারি দাম ১১ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে পাঁচ শতাংশ বাড়ানো হয়। গত ১ আগস্ট থেকে আরও ৬ দশমিক ৬৬ শতাংশ বাড়ানো হয়েছে বিদ্যুতের পাইকারি দাম।যানবাহনে সিএনজির ব্যবহার শুরু হওয়ার পর থেকে এবারসহ মোট তিনবার দাম বাড়ানো হয়েছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের এপ্রিল মাসে প্রথমবার প্রতি ঘনমিটার সিএনজির দাম সাড়ে আট টাকা থেকে বাড়িয়ে ১৬ টাকা ৭৫ পয়সা করা হয়েছিল। গত ১২ মে তা করা হয় ২৫ টাকা। এবার তৃতীয়বারের মতো করা হলো ৩০ টাকা। এই ৩০ টাকার মধ্যে সরকার তথা পেট্রোবাংলা পাবে ২৩ টাকা। এর ফলে পেট্রোবাংলার উপার্জন বছরে ৫৫১ কোটি ৫৮ লাখ টাকা বাড়বে। তবে প্রতি ঘনমিটারের দাম থেকে এক টাকা ১৫ পয়সা যাবে গ্যাস উন্নয়ন তহবিলে। আরও এক টাকা ১০ পয়সা যাবে মূল্য ঘাটতি তহবিলে (প্রাইস ডেফিসিট ফান্ড)। বাকি সাত টাকা পাবেন সংশ্লিষ্ট ফিলিং স্টেশনের মালিক। এবারের দাম বাড়ানোর আগেও তাঁরা প্রতি ঘনমিটার গ্যাস বিক্রি করে সাত টাকাই পেতেন।এবার সিএনজির দাম বাড়ানোর ক্ষেত্রে বেশ তাড়াহুড়া করা হয়েছে। গত রোববারের তারিখ দিয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান এই দাম বাড়ানোর প্রস্তাব সংবলিত চিঠি পাঠান বিইআরসির কাছে। সেই চিঠি গতকাল বিইআরসিতে আসে। এর আগেই বিষয়টি নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এক সভায় দাম বাড়ানোর বিষয় চূড়ান্ত করা হয়। রাতে দাম বাড়ানোর ঘোষণা দেয় বিইআরসি।এ ব্যাপারে বিইআরসির সূত্র জানায়, জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে গ্যাসচালিত যানবাহনগুলোও যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় শুরু করে দেবে—এই বিবেচনায় সিএনজির দাম বাড়ানো হয়েছে। অন্যথায় নৈরাজ্যের সৃষ্টি হতে পারত।সিএনজি ফিলিং স্টেশনের মালিক সমিতি এই দাম বাড়ানোর বিরোধিতা করেছে। সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন সাংবাদিকদের বলেন, বিইআরসি এভাবে হুট করে দাম বাড়াতে পারে না। এই দাম বাড়ানোর কারণে সিএনজি খাত হুমকির মুখে পড়বে।জ্বালানি বিশেষজ্ঞদের মতে, সিএনজির দাম জ্বালানি তেলের দামের ৪০ শতাংশ পর্যন্ত করা যৌক্তিক। সে হিসাবে প্রতি ঘনমিটার সিএনজির দাম ৩০ টাকা পর্যন্ত হতে পারে।