সিএনজির দাম কমানোর দাবি বাসমালিকদের
সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে রাজধানীতে চলাচলকারী বাসের মালিকদের একটি সংগঠন অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানিজ (এবিসি)। গতকাল বুধবার যোগাযোগমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনটি এই দাবি জানায়। তারা বাড়তি ভাড়া আদায় শুরু করেনি বলেও মন্ত্রীকে জানিয়েছে।এদিকে হরতালের আগের দিন গতকাল দুপুরের পরই রাজধানীতে যানবাহন চলাচল কমে যায়। বিকেলে বাসের সংকট দেখা দেয়। তখন অফিস-ফেরত মানুষ দুর্ভোগে পড়েন।সরেজমিনে দেখা গেছে, রাজধানীতে বেসরকারি বাসগুলো জ্বালানির দাম বাড়ার পরও ভাড়া বাড়ায়নি। তবে তিন-চার মাস ধরে তারা যে হারে ভাড়া আদায় করছে, তা সরকারের বেঁধে দেওয়া নতুন ভাড়ার চেয়েও বেশি। গত সোমবার সরকার কিলোমিটারপ্রতি বাসের ভাড়া পাঁচ পয়সা বাড়িয়ে এক টাকা ৬০ পয়সা নির্ধারণ করেছে। মিনিবাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে দেড় টাকা।যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে এবিসির সভাপতি খোন্দকার রফিকুল হোসেন প্রথম আলোকে বলেন, সিএনজির বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন তাঁরা। টায়ারসহ যানবাহনের খুচরা যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির কারণে সরকার যে ভাড়া বাড়িয়েছে, তা দিয়ে পোষানো যাবে না। এ ছাড়া কয়েক দিন আগে একবার ভাড়া বাড়ানো হয়েছে। এখন আবার বাড়তি ভাড়া আদায় করতে গেলে যাত্রীদের সঙ্গে পরিবহনশ্রমিকদের সংঘর্ষ বাধবে।যোগাযোগ মন্ত্রণালয় জানায়, সরকার-নির্ধারিত ভাড়ার চেয়ে কেউ যাতে বেশি আদায় না করতে পারে, সে বিষয়ে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল চিঠি দেওয়া হয়েছে। একই চিঠি দেওয়া হয়েছে বাসমালিক ও শ্রমিকদের সংগঠনগুলোকেও। এ ছাড়া বাসমালিকদের সঙ্গে বৈঠক করে ভাড়া নিয়ে কোনো অসংগতি থাকলে তা ঠিক করতে সড়ক বিভাগের সচিবকে নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী।মালিক-শ্রমিকেরা নির্ধারিত ভাড়া মানেন না: বাসমালিকেরা প্রচার করছেন, তাঁরা বাসভাড়া বাড়াননি। মে মাসে জ্বালানির দাম বাড়ার পর যেভাবে টিকিটের গায়ে ‘হাতে লিখে’ ইচ্ছামতো ভাড়া আদায় করা হয়, এবার এখনো তা হয়নি। বাসমালিকেরা যোগাযোগমন্ত্রীর সঙ্গে এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে জানিয়েছেন, নতুন ভাড়ার হার তাঁরা মানেন না। ভাড়া আরও বাড়াতে হবে, নইলে টায়ারসহ খুচরা যন্ত্রাংশের ওপর আমদানি শুল্ক কমাতে হবে।মে মাসে রাজধানীতে বাসের সাত টাকা এবং মিনিবাসের জন্য পাঁচ টাকা সর্বনিম্ন ভাড়া বেঁধে দিয়েছিল সরকার। জ্বালানির দাম বাড়ার পর পাঁচ পয়সা ভাড়া বাড়ানো হলেও সর্বনিম্ন ভাড়া আগেরটাই আছে। কিন্তু বাসমালিক-চালকেরা তা মানছেন না। হার অনুযায়ী সর্বনিম্ন ভাড়া দিয়ে বাসে প্রায় সাড়ে চার কিলোমিটার এবং মিনিবাসে প্রায় সাড়ে তিন কিলোমিটার পথ পাড়ি দেওয়া সম্ভব।সরেজমিনে মতিঝিল-মোহাম্মদপুর পথে চলাচলকারী মৈত্রী, তরঙ্গ প্লাস, মিডওয়ে, এটিসিএল, মতিঝিল-মিরপুর পথের তরঙ্গ লিংক, মতিঝিল-গাজীপুর পথের ঢাকা পরিবহনে সর্বনিম্ন ১০ টাকা ভাড়া আদায় করতে দেখা গেছে।এসব বাসে শাহবাগ থেকে দেড় কিলোমিটার দূরত্বের জন্যও ১০ টাকা ভাড়া আদায় করা হচ্ছে। মৈত্রীসহ আরও কয়েকটি বাসে শাহবাগ থেকে শংকর পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে ১২ টাকা। বিআরটিএর হিসাবে এই পথের দূরত্ব মাত্র ৩ দশমিক ৪ কিলোমিটার। শাহবাগ থেকে মোহাম্মদপুর পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা। নতুন ভাড়ার হার অনুযায়ী এই পথের ভাড়া আসে সাত টাকা।ভোগান্তি: বিকেল পাঁচটায় ফার্মগেটে কথা হচ্ছিল গাজীপুর বোর্ডবাজারের গৃহিণী সাদিয়া বেগমের সঙ্গে। তিনি জানান, তেজকুনীপাড়ায় ভাইয়ের বাসায় এসেছিলেন। এক ঘণ্টা ধরে তিনি ঢাকা পরিবহনের টিকিট কেটে বাসের অপেক্ষায় আছেন।খোঁজ নিতে গেলে ঢাকা পরিবহনের টিকিট বিক্রেতা জামাল হোসেন বলেন, ফার্মগেটে যাত্রীরা লাইন দিয়েছে। কিন্তু বাস মতিঝিল থেকেই ছাড়েনি। হরতালের আগে জ্বালাও-পোড়াওয়ের আতঙ্কে বাস কম নেমেছে। সন্ধ্যার পর বাস চলাচল একেবারেই কমে যায়, তখন ভোগান্তি আরও বাড়ে।বিকেল সাড়ে পাঁচটার দিকে বিআরটিসির একটি বাস মতিঝিল থেকে ফার্মগেটে এসে থামলে মানুষ হুমড়ি খেয়ে পড়ে। কিন্তু তাঁদের অর্ধেকই বাসে উঠতে পারেননি। বাসে উঠতে ব্যর্থ মনিরুল আলম বলেন, গেটেই ঝুলে রয়েছে সাত-আট জন। পা ফেলার জায়গা নেই।