সরকার আগামী ডিসেম্বর মাসের মধ্যে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম আরেক দফা বাড়ানোর পরিকল্পনা করছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেছেন।সিএনজির দাম বাড়িয়ে তা ডিজেলের সমপর্যায়ে নেওয়া হবে বলেও অর্থমন্ত্রী জানান।সিএনজির দাম কবে বাড়ানো হবে, এ প্রশ্নের জবাবে কোনো নির্দিষ্ট তারিখ না বলে অর্থমন্ত্রী বলেন, এই বছরের মধ্যেই সিএনজির দাম বাড়ানো হবে।এ বছরের মে মাসে সিএনজির দাম প্রায় পঞ্চাশ শতাংশ বাড়ানো হয়। সেপ্টেম্বরে এর দাম আরও ৫ শতাংশ বাড়ানো হয়। বর্তমানে প্রতি ঘনমিটার সিএনজির দাম ৩০ টাকা।অর্থমন্ত্রী বলেন, যানবাহন সিএনজিতে রূপান্তর করায় সাধারণ মানুষ উপকৃত হয়নি। কারণ, সিএনজিচালিত পরিবহন ও অন্য জ্বালানিচালিত পরিবহনের ভাড়া প্রায় এক। তিনি আরও বলেন, সিএনজি কেবল সিএনজিচালিত পরিবহনের মালিকদেরই আর্থিকভাবে লাভবান করেছে।আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম স্বয়ংক্রিয়ভাবে বাড়ানো ও কমানোর একটি ফর্মুলা প্রণয়নের জন্য অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে জ্বালানি মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।