যানবাহনের পরিবেশবান্ধব ও মূল্যসাশ্রয়ী জ্বালানি হিসেবে ব্যবহূত সিএনজির দাম বাড়বে চলতি মাসেই। গতকাল মঙ্গলবার এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি করেছে। সারা দিন শুনানি শেষে বিইআরসির চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন বলেছেন, ১০ দিনের মধ্যে আদেশ দেওয়া হবে।পেট্রোবাংলা প্রতি ঘনমিটার সিএনজির বর্তমান দাম ১৬ টাকা ৭৫ পয়সা থেকে বাড়িয়ে ২৪ টাকা ৯০ পয়সা করার একটি প্রস্তাব প্রায় দুই মাস আগে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বরাবর উপস্থাপন করেছিল। গণশুনানিতে দাম বাড়ানোর পক্ষে-বিপক্ষে আলোচনা হয়। সিএনজির ব্যবসায়ী ও ব্যবহারকারীসহ অনেকে দাম বাড়ানোর বিরোধিতা করেন। পেট্রোবাংলা ও বিশেষজ্ঞরা দাম বাড়ানোর পক্ষে বলেন। বিরোধিতাকারীরা বলেন, বিইআরসিকে পাশ কাটিয়ে ফিড গ্যাসের (সিএনজি স্টেশনে ব্যবহারের জন্য পাইপ লাইনে যে গ্যাস সরবরাহ করা হয়) দাম বাড়ানোর সিদ্ধান্তে আইন লঙ্ঘন হয়েছে। এ কারণে সরকারি সিদ্ধান্ত বাতিল ও ভোক্তা পর্যায়ে সিএনজির দাম না বাড়ানোর দাবি করেন তাঁরা। ক্যাবের প্রতিনিধি শামসুল আলম বলেন, সিএনজির দাম আরেক দফা বাড়লে তেলচালিত যানবাহনের ভাড়া আবারও বাড়বে। এতে সাধারণ মানুষ সমস্যায় পড়বে। ফিড গ্যাসের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্ত বেআইনিভাবে নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর বলেন, গ্যাসসহ দেশের প্রাকৃতিক সম্পদের ওপর ১৬ কোটি মানুষের অধিকার রয়েছে। কিন্তু দেশের সব মানুষ এই সম্পদের সুবিধা ভোগ করতে পারছে না। সিএনজির সুবিধা নিচ্ছেন মূলত শহরের বিত্তবানেরা। অথচ আবাসিক গ্রাহকেরা ঠিকমতো গ্যাস পাচ্ছেন না। আর গ্রামের গ্রাহককে মাসে দুই হাজার টাকা ব্যয়ে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হয়। এ কারণে বিশেষ কোনো গোষ্ঠীকে সুবিধা দিতে সিএনজির দাম কম রাখা ঠিক হবে না। পেট্রোবাংলার পরিচালক আতাউল হক মোল্লা বলেন, সিএনজির দাম প্রতিবেশী ভারত-পাকিস্তানের চেয়ে অনেক কম। এ কারণে রাজধানীতে অদক্ষ যানবাহনের সংখ্যা বাড়ছে। সিএনজির দাম কম হওয়ায় জ্বালানি তেলের ব্যবহার দিন দিন কমছে। এ জন্য দেশে উৎপাদিত গ্যাসের উপজাত কনডেনসেট ও পেট্রল মজুদ রাখা কঠিন হয়ে পড়েছে। সিএনজির দাম বাড়ানো হলে এই খাতে রাজস্ব আয় বাড়বে বছরে ৮৯৮ কোটি টাকা। এ থেকে ইউনিটপ্রতি দুই টাকার কিছু বেশি গ্যাস উন্নয়ন তহবিলে জমা হবে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলাম বলেন, বর্তমানে দেশে সিএনজির দাম অকটেনের ২১ শতাংশের সমান। এটা ৩৮ শতাংশে উন্নীত করা যেতে পারে। সে হিসাবে প্রতি ইউনিট সিএনজির দাম পড়বে ২৯ টাকা ৩০ পয়সা। আর ইতিমধ্যে ফিড গ্যাসের দাম বাড়ানোর যে সিদ্ধান্ত সরকার নিয়েছে তা বাতিল করে এ বিষয়ে বিইআরসি সিদ্ধান্ত নিতে পারে। বিইআরসি চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে কমিশনের সদস্য প্রকৌশলী ইমদাদুল হক ও সেলিম মাহমুদ উপস্থিত ছিলেন।