সিএনজির দাম বাড়ল
যানবাহনে পরিবেশবান্ধব ও মূল্যসাশ্রয়ী জ্বালানি হিসেবে ব্যবহূত সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বেড়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই দাম বাড়ানোর ঘোষণা দেয়।ঘোষণা অনুযায়ী, রাত ১২টার পর থেকে প্রতি ঘন মিটার সিএনজির দাম হবে ২৫ টাকা। এর মধ্যে সরকার পাবে নয় টাকা ৯০ পয়সা, পেট্রোবাংলা পাবে আট টাকা ১০ পয়সা এবং সিএনজি স্টেশন মালিক পাবেন (লাভসহ) সাত টাকা।এর আগে, তত্ত্বাবধায়ক সরকারের আমলে, ২০০৮ সালের এপ্রিল মাসে প্রথমবার প্রতি ঘন মিটার সিএনজির দাম সাড়ে আট টাকা থেকে বাড়িয়ে ১৬ টাকা ৭৫ পয়সা করা হয়েছিল।এবারের দাম বাড়ানোর জন্য রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) প্রস্তাব পেট্রোবাংলার মাধ্যমে বিইআরসি পায় গত বছর অক্টোবর মাসে। গত ফেব্রুয়ারি মাসে এক উন্মুক্ত সভায় বিইআরসি প্রস্তাবটি শুনানির জন্য গ্রহণ করে। সংশ্লিষ্ট ও আগ্রহী সব পক্ষের অংশগ্রহণে বিষয়টি সম্পর্কে গণশুনানি অনুষ্ঠিত হয় গত ৮ মার্চ। সেদিন বিইআরসির চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন ১০ দিনের মধ্যে রায় ঘোষণার কথা বলেছিলেন।কমিশনের অন্য দুই সদস্য এমদাদুল হক ও সেলিম মাহমুদের উপস্থিতিতে রায় ঘোষণা করে চেয়ারম্যান বলেন, সিএনজি স্টেশন মালিকদের দাবি সম্পূর্ণ মানতে হলে তাদের অংশে দিতে হতো আট টাকা। এই দাম বৃদ্ধির ফলে গণপরিবহনে কী হারে ভাড়া বাড়তে পারে, জানতে চাইলে কমিশন চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, এ রকম কোনো হিসাব তাঁদের কাছে নেই।রায় ঘোষণার পর দাম বাড়ানোর সিদ্ধান্তের বিরোধিতা করেছে সিএনজি স্টেশনের মালিকদের সমিতি। বিইআরসির সংবাদ সম্মেলনের পর মালিক সমিতির নেতারা সাংবাদিকদের বলেন, তাঁরাসহ ১৪টি পক্ষ (স্টেকহোল্ডার) সিএনজির দাম বাড়ানোর বিরোধিতা করে গণশুনানিতে বক্তব্য দিয়েছিলেন। কিন্তু কমিশনের রায়ে তার কোনো প্রতিফলন নেই।তাঁরা বলেন, সিএনজির দাম বাড়ায় যানবাহনে সিএনজি ব্যবহারের প্রবণতা কমবে। ফলে প্রচুর টাকা বিনিয়োগ করে তাঁরা সরকারের বিশেষ আগ্রহে যে ব্যবসা শুরু করেছেন, তাতে ধস নামবে। তা ছাড়া, এর ফলে তেলচালিত যানবাহনের ভাড়া আরও বাড়বে। এতে সাধারণ মানুষ সমস্যায় পড়বে।