যানবাহনে পরিবেশবান্ধব ও মূল্যসাশ্রয়ী জ্বালানি হিসেবে ব্যবহূত সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বেড়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই দাম বাড়ানোর ঘোষণা দেয়। ঘোষণা অনুযায়ী, গতকাল দিবাগত রাত ১২টার পর থেকে প্রতি ঘনমিটার সিএনজির দাম হয়েছে ২৫ টাকা। এর মধ্যে সরকার পাবে নয় টাকা ৯০ পয়সা, পেট্রোবাংলা পাবে আট টাকা ১০ পয়সা এবং সিএনজি স্টেশন-মালিক পাবেন (লাভসহ) সাত টাকা।এর আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে, ২০০৮ সালের এপ্রিল মাসে প্রথমবার প্রতি ঘনমিটার সিএনজির দাম সাড়ে আট টাকা থেকে বাড়িয়ে ১৬ টাকা ৭৫ পয়সা করা হয়েছিল। এবারের দাম বাড়ানোর জন্য রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) প্রস্তাব পেট্রোবাংলার মাধ্যমে বিইআরসি পায় গত বছরের অক্টোবর মাসে। গত ফেব্রুয়ারি মাসে এক উন্মুক্ত সভায় বিইআরসি প্রস্তাবটি শুনানির জন্য গ্রহণ করে। সংশ্লিষ্ট ও আগ্রহী সব পক্ষের অংশগ্রহণে বিষয়টি সম্পর্কে গণশুনানি অনুষ্ঠিত হয় গত ৮ মার্চ। সেদিন বিইআরসির চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন ১০ দিনের মধ্যে রায় ঘোষণার কথা বলেছিলেন।কমিশনের অপর দুই সদস্য এমদাদুল হক ও সেলিম মাহমুদের উপস্থিতিতে গতকাল রায় ঘোষণা করে চেয়ারম্যান বলেন, সিএনজি স্টেশন-মালিকদের দাবি সম্পূর্ণ মানতে হলে তাঁদের অংশে দিতে হতো আট টাকা। এই দাম বাড়ানোর ফলে গণপরিবহনে কী হারে ভাড়া বাড়তে পারে, জানতে চাইলে কমিশনের চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, এ রকম কোনো হিসাব তাঁদের কাছে নেই।রায় ঘোষণার পর দাম বাড়ানোর সিদ্ধান্তের বিরোধিতা করেছে সিএনজি স্টেশনের মালিকদের সমিতি। বিইআরসির সংবাদ সম্মেলনের পর মালিক সমিতির নেতারা সাংবাদিকদের বলেন, তাঁরাসহ ১৪টি পক্ষ (স্টেকহোল্ডার) সিএনজির দাম বাড়ানোর বিরোধিতা করে গণশুনানিতে বক্তব্য দিয়েছিলেন। কিন্তু কমিশনের রায়ে তার কোনো প্রতিফলন নেই। সমিতির নেতারা আরও বলেন, সিএনজির দাম বাড়ানোয় যানবাহনে সিএনজি ব্যবহারের প্রবণতা কমবে। ফলে বিপুল টাকা বিনিয়োগ করে তাঁরা সরকারের বিশেষ আগ্রহে যে ব্যবসা শুরু করেছেন, তাতে ধস নামবে। তা ছাড়া এর ফলে তেলচালিত যানবাহনের ভাড়া আরও বাড়বে। এতে সাধারণ মানুষ সমস্যায় পড়বে। সিএনজিচালিত বাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম বলেন, সিএনজিচালিত বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ছিল এক টাকা ২০ পয়সা। এখন তা দুই টাকা ৫৫ পয়সা করার জন্য তাঁরা যোগাযোগ মন্ত্রণালয়ে প্রস্তাব দেবেন। অপরদিকে দাম বাড়ানোর যুক্তি হিসেবে বলা হয়েছে, গ্যাসসহ দেশের প্রাকৃতিক সম্পদের ওপর ১৬ কোটি মানুষের অধিকার রয়েছে। কিন্তু দেশের সব মানুষ এই সম্পদের সুবিধা ভোগ করতে পারছে না। সিএনজির সুবিধা নিচ্ছেন মূলত শহরের বিত্তবানেরা। অথচ আবাসিক গ্রাহকেরা ঠিকমতো গ্যাস পাচ্ছেন না। আর মফস্বল শহরের গ্রাহককে মাসে দুই হাজার টাকারও বেশি ব্যয়ে এলপি গ্যাস ব্যবহার করতে হয়। তাই বিশেষ কোনো গোষ্ঠীকে সুবিধা দিতে সিএনজির দাম কম রাখা ঠিক নয়। এ ছাড়া বাংলাদেশে সিএনজির দাম প্রতিবেশী ভারত-পাকিস্তানের চেয়ে অনেক কম। এবারের দাম বাড়ানোর পরও সিএনজি এখানে অকটেনের তুলনায় ৭১ দশমিক শূন্য ৯ শতাংশ এবং ডিজেলের তুলনায় ৪৭ দশমিক ৩৯ শতাংশ সাশ্রয়ী। ভারতে এই সাশ্রয়ের হার যথাক্রমে ৫৮ ও ২৮ শতাংশ। এই কারণে দেশে অনুপযুক্ত যানবাহনের সংখ্যা বাড়ছে। সিএনজির দাম কম হওয়ায় জ্বালানি তেলের ব্যবহার দিন দিন কমছে। এ জন্য দেশে উৎপাদিত গ্যাসের উপজাত কনডেনসেট ও পেট্রল মজুদ রাখা কঠিন হয়ে পড়েছে। সিএনজির দাম বাড়ানো হলে এ খাতে রাজস্ব আয় বাড়বে বছরে প্রায় এক হাজার ১২১ কোটি টাকা। এ থেকে ইউনিটপ্রতি দুই টাকার কিছু বেশি গ্যাস উন্নয়ন তহবিলে জমা হবে, যা দিয়ে জ্বালানি খাতের উন্নয়ন ত্বরান্বিত করা সহজ হবে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, সিএনজির দাম জ্বালানি তেলের দামের ৪০ শতাংশ পর্যন্ত করা যৌক্তিক। তাতে প্রতি ইউনিট সিএনজির দাম ৩০ টাকা পর্যন্ত হতে পারে।