সিএনজির দাম বাড়ালে ব্যবসা বন্ধের ঘোষণা
সিএনজির দাম বাড়ানো হলে এর সঙ্গে সম্পৃক্ত সব স্টেকহোল্ডার একযোগে অনির্দিষ্টকালের জন্য ব্যবসা বন্ধ করে দেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ছয়টি সংগঠন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, ‘গত বছর চার মাসের ব্যবধানে দুই দফায় ৭০ শতাংশ মূল্যবৃদ্ধির পর আরেকবার সিএনজির দাম বাড়ানো হবে আমাদের কফিনে সর্বশেষ পেরেক ঠোকা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দ্ব্যর্থহীন ভাষায় সরকারকে আবারও বলতে চাই, সিএনজির মূল্য বৃদ্ধি করা হলে এর সঙ্গে সম্পৃক্ত সব স্টেকহোল্ডার একযোগে অনির্দিষ্টকালের জন্য আমাদের ব্যবসা বন্ধ করতে বাধ্য হব। সৃষ্ট পরিস্থিতির দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।’বাংলাদেশ সিএনজি ফিলিং অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে লিখিত বক্তব্য পড়ে শোনান একই সংগঠনের সাধারণ সম্পাদক সাদেজুল হোসেন। এতে অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানিজের সভাপতি খন্দকার রফিকুল হোসেন, ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. বরকতউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে বলা হয়, ‘বর্তমানে সারা দেশে ৫৮৫টি সিএনজি স্টেশন, ১৭০টি কনভারশন ওয়ার্কশপ রয়েছে এবং প্রায় দুই লাখ ২০ হাজার গাড়ি সিএনজিতে চলে। যানবাহন ও গণপরিবহনে সিএনজি ব্যবহারের ফলে বছরে প্রায় ১৫ হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। দেশের উত্পাদিত গ্যাসের ৫ শতাংশ সিএনজি, তার মধ্যে ২ দশমিক ৫ শতাংশ গণপরিবহনে ব্যবহূত হয়। দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ সরাসরি সিএনজির সুফল ভোগ করে থাকে। সরকার কর্তৃক বারবার সিএনজির মূল্যবৃদ্ধির ফলে বাস, অটোরিকশা, ট্যাক্সিক্যাব ও পণ্যবাহী যানবাহনের ভাড়া বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষকেই এর ভার বহন করতে হচ্ছে। দফায় দফায় সিএনজি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হলেও স্টেশনমালিকদের মার্জিন (কমিশন) বৃদ্ধি করা হয়নি।’ পরে প্রশ্নোত্তর-পর্বে সংগঠনের নেতারা বলেন, যে মুহূর্তে সরকার গ্যাসের দাম বাড়াবে, সেই মুহূর্তে ব্যবসা বন্ধ করে দেওয়া হবে। তাঁরা জানান, যেকোনো জিনিসের দাম বাড়লে তার প্রভাব সবার ওপরে পড়ে। তাঁদের আগে যে কর্মসূচি দেওয়া ছিল, সেই কর্মসূচি তাঁরা অব্যাহত রাখবেন। যদি সিএনজির দাম আবার বাড়ানো হয়, তাহলে বাঁচার জন্য যা করার দরকার, তাঁরা তা-ই করবেন। দরকার হলে ব্যবসা বন্ধ করে দেবেন। সিএনজির সম্ভাব্য মূল্যবৃদ্ধির জন্য সরকারের উদ্যোগের বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজক ছয় সংগঠন হলো: অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানিজ, ঢাকা বাস-ট্রাক ওনার্স গ্রুপ, ট্যাক্সিক্যাব অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ফোরস্ট্রোক সিএনজি অটোরিকশা অ্যান্ড থ্রি হুইলারস মোটরবাইক ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা ব্যবসায়ী মালিক সমিতি ও বাংলাদেশ সিএনজি ফিলিং অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।