সিএমএইচে চিকিৎসার আশ্বাস, শিশুটিকে নিয়ে গেছেন মেজরের শাশুড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষ্ঠুর নির্যাতনের শিকার সেই গৃহকর্মীকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা করানোর আশ্বাস দিয়ে নিজ জিম্মায় নিয়ে গেছেন মেজর আকতার শাহেদের শাশুড়ি খোশনাহার বেগম। তিনি আজ মঙ্গলবার সকালে ফেনী সদর হাসপাতাল থেকে গুরুতর অসুস্থ শিশু গৃহকর্মী হাসিনাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যান।এর আগে খোশনাহার বেগম হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অঙ্গীকারনামা দিয়ে বলেছেন, হাসিনাকে মেজর আকতার শাহেদ এক লাখ টাকা ক্ষতিপূরণ দেবেন এবং ঢাকায় সিএমএইচে উন্নত চিকিৎসা করাবেন। এই শর্তে তিনি হাসিনাকে ফেনী হাসপাতাল থেকে নিয়ে যাচ্ছেন। ঢাকা সেনানিবাসে মেজর আকতার শাহেদের বাসায় (১২/সি, রজনীগন্ধা) কাজ করত হাসিনা। সে ও তার ভাইবোনেরা সাংবাদিকদের বলে, হাসিনাকে সেনা কর্মকর্তার স্ত্রী নিপা দিনের পর দিন মারধর করে আসছেন। এতে তার পা থেকে গলা পর্যন্ত নানা স্থানে দগদগে ঘা ও পচন ধরে। পরে গুরুতর আহত শিশুটিকে মেজরের স্ত্রী গত ২৬ মার্চ রাতে গাড়ি করে নিয়ে ঢাকার রাজারবাগে একটি বাসার সামনে ফেলে যান। ওই বাসায় কাজ করতেন হাসিনার আরেক বোন নাছিমা। পরদিন সকালে ওই বাসার আশপাশের লোকজন হাসিনাকে রাস্তায় পেয়ে জটলা করে। জটলা দেখে বাসার মালিক ও নাছিমাও সেখানে যান। তাঁরা হাসিনাকে উদ্ধার করেন এবং ফেনীতে তাঁর ভাই ইউসুফকে খবর দিয়ে ফেনীতে পাঠিয়ে দেন। ইটভাটার শ্রমিক ইউসুফ ২৭ মার্চ বোনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করান।‘এ কেমন নিষ্ঠুরতা!’ শিরোনামে গত সোমবার প্রথম আলোয় এ খবর প্রকাশিত হওয়ার পর বিভিন্ন মহলে নাড়া পড়ে।আজ সকালে ফেনী সদর হাসপাতাল থেকে হাসিনাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তার চোখ পানিতে ছলছল করছিল। উপস্থিত তার তিন ভাইবোনের চোখেও পানি। হাসপাতালের অন্য রোগী-দর্শনার্থীরাও সজল চোখে মেয়েটিকে বিদায় দেয়।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, দুই দিন ধরে নানা তৎপরতা ও পারিপার্শ্বিক অবস্থায় মেয়েটির পক্ষে সেনা কর্মকর্তার শাশুড়ির প্রস্তাবে রাজি না হওয়ায় উপায় ছিল না।এর আগে সোমবার মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) হাসিনার উন্নত চিকিৎসা ও আইনি সহায়তা দিতে ঢাকায় আনতে গিয়েও নিরাপত্তাজনিত কারণে ব্যর্থ হয়। আসক এ বিষয়ে ফেনী থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করে।হাসপাতাল সূত্র জানায়, নির্যাতনকারী গৃহকর্ত্রী নিপার মা খোশনাহার বেগম হাসিনাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে আজ সকালে ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে আবেদন করেন। আবেদনে বলা হয়, ‘আমি খোশনাহার বেগম...ঠিকানা- ৪০/বি নিঝুম, পাঁচলাইশ আবাসিক এলাকা, চট্টগ্রাম। আমার মেয়ে নুসরাত জাবীন নিপা, স্বামী মেজর আকতার শাহেদ, ১২/সি, রজনীগন্ধা, ঢাকা সেনানিবাসের বাসার কাজের মেয়ে হাসিনা (১০)...১২ নং সিটে ভর্তি আছে। গত ১১/৪/২০১১ তারিখে ফেনী পৌরসভার মেয়র জনাব নিজাম উদ্দিন হাজারীর উপস্থিতিতে এক লক্ষ টাকা ভিকটিমকে ক্ষতিপূরণ দিতে আমার মেয়ের স্বামী মেজর আকতার শাহেদ প্রতিশ্রুতি প্রদান করেন। এই শর্তে তাকে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় নিতে ইচ্ছুক। উপরোক্ত বিষয়ের আলোকে উক্ত রোগীর উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের অনুমতি দানে বাধিত করিবেন।’ওই আবেদনের ওপর একপাশে ‘উক্ত দরখাস্তের প্রস্তাবমতে একমত হইলাম’ মর্মে হাসিনার ভাই ইউছুফ, বোন কুলসুম ও নাজমার সই রয়েছে।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হাসিনা বেগম প্রথম আলোকে বলেন, উভয় পক্ষের সম্মতির পর তিনি উন্নত চিকিৎসার জন্য হাসিনার ছাড়পত্র দিয়েছেন।এদিকে হাসিনার আরেক বোন মণি চট্টগ্রামে খোশনাহার বেগমের বাসায় কাজ করে। হাসিনাকে নিয়ে যাওয়ার সময় খোশনাহার বেগম পৃথক একটি অঙ্গীকারনামা দিয়ে বলেছেন, তিনি মণিকে ১৩ এপ্রিল সকাল ১০টার মধ্যে ফেনী সদর থানার মাধ্যমে পরিবারের কাছে বুঝিয়ে দেবেন।জানতে চাইলে ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী প্রথম আলোকে বলেন, নির্যাতিত গৃহকর্মীকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার অঙ্গীকার করেছেন সেনা কর্মকর্তার শাশুড়ি। মেজর আকতার শাহেদ তাঁর কাছে আসেননি।পৌর মেয়র এ ধরনের বর্বর নির্যাতনের নিন্দা করে বলেন, তিনিও চান, শিশুটির উন্নত চিকিৎসা হোক। তবে ক্ষতিপূরণের এক লাখ টাকা থেকে চিকিৎসাখরচ কাটা যাবে না বলে তিনি জানান।তবে নির্যাতনকারী এবং রাতে রাস্তায় ফেলে দিয়ে আসা সেই পরিবারের হাতে শিশুটিকে সোপর্দ করা বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে।