সিকিউরিটি ইউনিটের ১০৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা
পিলখানায় বিডিআরে বিদ্রোহের মামলায় রাইফেল গোয়েন্দা শাখার (রাইফেল সিকিউরিটি ইউনিট—আরএসইউ) ১০৯ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলা থেকে খালাস দেওয়া হয়েছে চারজনকে।পিলখানায় দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৭-এর সভাপতি ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম গতকাল সোমবার এ রায় ঘোষণা করেন। দণ্ডাদেশপ্রাপ্ত প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে। তাঁদের মধ্যে বাহিনীর আইনে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় ৩৪ জনকে।গত ১৫ মে আদালত রায়ের দিন ধার্য করেছিলেন রোববার। সেদিন হরতালের মধ্যে আদালত বসলেও রায় ঘোষণা পেছানো হয়। গতকাল আদালত বিষয়টি উল্লেখ করেন। এ নিয়ে পিলখানায় বিদ্রোহের ঘটনায় করা ১১টি মামলার মধ্যে তিনটির রায় হলো।গতকাল সকাল সোয়া নয়টায় আদালতের কার্যক্রম শুরু হয়। আদালতের সভাপতি প্রথমে মামলার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, আদালত সম্পূর্ণ নিরপেক্ষ হয়ে বিচার করেছেন। রায় দেওয়ার ক্ষেত্রে আসামিদের বিশেষ যোগ্যতা, পদক, মুক্তিযোদ্ধা কি না—এসব বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। আগেই ঘোষণা করা হয়েছিল, যাঁরা দোষ স্বীকার করেছেন, তাঁরা অনুকম্পা পাবেন। দোষ স্বীকার করা দুই আসামি সিপাহি ওয়াজেদ আলী মোল্লা ও সিপাহি কমর উদ্দিনকে গতকাল খালাস দেন আদালত।আদালতের সভাপতি বলেন, আসামিদের বক্তব্য, তাঁদের মুঠোফোনের কললিস্ট, ভিডিও ও স্থিরচিত্র বিবেচনায় আনা হয়েছে। মুঠোফোনের কললিস্টে বিদ্রোহের দিন আসামিদের পিলখানায় অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তিনি বলেন, নায়েব সুবেদার আবদুল মতিন মিয়া বাদী হয়ে গত বছরের ৬ মে আরএসইউর সাবেক জেসিও সুবেদার সাইদুল হকসহ ১১৩ জনের বিরুদ্ধে পিলখানায় বিদ্রোহে অংশ নেওয়ার অভিযোগ এনে বিশেষ আদালত-৬-এ এ মামলা করেন। আদালত পুনর্গঠিত হলে মামলাটি বিশেষ আদালত-৭-এ স্থানান্তর করা হয়। এ মামলার ৫৭ আসামি আগেই গ্রেপ্তার ছিলেন। পরে বাকি ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়। মোট ২৩ কার্যদিবসে মামলার বিচার শেষ হয়েছে। রায় ঘোষণার পর থেকেই তা কার্যকর হবে।সাজা: দণ্ডাদেশ পাওয়া ১০৯ আসামির মধ্যে ৩৪ জনকে সাত বছর করে, একজনকে ছয় বছর, দুজনকে পাঁচ বছর করে, একজনকে সাড়ে চার বছর, ছয়জনকে চার বছর করে, ছয়জনকে তিন বছর করে, দুজনকে সাড়ে তিন বছর করে, একজনকে আড়াই বছর, ১০ জনকে দুই বছর করে, ২১ জনকে এক বছর করে, দুজনকে নয় মাস করে, ১৬ জনকে ছয় মাস করে ও সাতজনকে চার মাস করে কারাদণ্ড দেওয়া হয়।রায় ঘোষণার সময় একজনের সাজার মেয়াদ বলায় ভুল হয়। তাঁকে আবার কাঠগড়ায় ডেকে তা সংশোধন করা হয়। পরে দেখা যায়, আগের সাজাই সঠিক ছিল। এ কারণে তাঁকে আবারও কাঠগড়ায় আসতে হয়।গতকাল আসামিদের সাজা ঘোষণার সঙ্গে সঙ্গে তাঁদের আদালত থেকে বের করে গাড়িতে তোলা হয়। সব আসামিকে গাড়িতে তোলার পর তাঁরা চিৎকার করে বলতে থাকেন, ‘এ রায় মানি না।’ তাঁরা বলেন, আরএসইউর বিরুদ্ধে করা অভিযোগ সঠিক নয়। বিদ্রোহের চার দিন আগেই নিরাপত্তা শাখার পক্ষ থেকে পিলখানার পরিস্থিতি কর্মকর্তাদের জানানো হয়েছিল। কিন্তু তাঁরা সেটা গ্রাহ্য করেননি।আদালতের সভাপতিকে সহায়তা করেন লেফটেন্যান্ট কর্নেল মোজাম্মেল হোসেন ও মেজর সাঈদ হাসান তাপস। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী।সংবাদ ব্রিফিং: রায় ঘোষণার পর সংবাদ ব্রিফিংয়ে মামলার প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল আতিকুজ্জামান বলেন, আরএসইউ ছিল বিলুপ্ত বিডিআরের অধীনে নিয়ন্ত্রিত একটি স্বয়ংসম্পূর্ণ সংস্থা এবং এদের বাহিনীর চোখ ও কান হিসেবে উল্লেখ করা হতো। বাহিনীকে সব ধরনের হুমকি থেকে রক্ষার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সব ধরনের তথ্য দেওয়া এ শাখার প্রধান কাজ হলেও বিদ্রোহের সময় অভিযুক্তরা তথ্য গোপন রেখে বিদ্রোহে সক্রিয়ভাবে অংশ নেন। তাঁরা সেদিন সঠিক দায়িত্ব পালন করলে ইতিহাস অন্য রকম হতো। আরএসইউর সদস্যরা বরং বিদ্রোহের সপক্ষে লিফলেট তৈরি, প্রচার, অস্ত্রাগার লুট, হত্যা ও লাশ গুমে সহায়তা করেন।