সিকিমে বন্যায় মৃত্যু ২১
ভারতের সিকিম রাজ্যে আকস্মিক বন্যায় ২১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আটজন। নিহত ব্যক্তিদের মধ্যে ইন্দো-তিব্বতি সীমান্ত পুলিশের (আইটিবিপি) চার সদস্য ও তাঁদের পরিবারের দুই সদস্য এবং সীমান্ত সড়ক সংস্থার (বিআরও) ১২ জন কনিষ্ঠ কর্মকর্তা রয়েছেন। অন্যরা সাধারণ শ্রমিক। আজ রোববার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।উত্তর সিকিমের প্রত্যন্ত এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটছে। বন্যাদুর্গত এলাকার কর্মকর্তারা জানান, রাংমা রেঞ্জে বেশির ভাগ ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।উত্তর জেলার জেলা প্রশাসক টি ডব্লিউ খাংশেরপা বলেন, ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসের ঘটনা ঘটছে। তিনি বলেন, প্রায় নয়টি ভূমিধসের ঘটনায় জেলার চুংথাং ও মানগানের মধ্যে প্রধান সড়কে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ভেসে গেছে লাজেন নদীর তীরবর্তী ঘরবাড়ি। তবে সেনাবাহিনী ও বিমানবাহিনী পুরোদমে উদ্ধারকাজ শুরু করেছে।