সিগন্যাল ও আরএসইউর সদস্যদের বিরুদ্ধে ৫ ও ১৯ ডিসেম্বর অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্রোহের পরিকল্পনায় বিডিআর গোয়েন্দা শাখা রাইফেলস সিকিউরিটি ইউনিটের (আরএসইউ) সদস্যরা প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তবে গতকাল শনিবার বিশেষ আদালতের শুনানি শেষে সিগন্যাল সেক্টর ও আরএসইউর অভিযুক্তদের বিরুদ্ধে যথাক্রমে আগামী ৫ ও ১৯ ডিসেম্বর অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়।গতকাল বিশেষ আদালতে অভিযোগ শুনানির পর এবং জেরার মুখে ‘জানি না’, ‘দেখিনি’, ‘কিছু করিনি’ আর ‘আমি ছিলাম না’ বলে উত্তর দেন আরএসইউর সদস্যরা। মামলায় আরএসইউর বিরুদ্ধে উসকানিমূলক লিফলেট ছাপা ও বিতরণ, নিহত সেনা কর্মকর্তাদের লাশ গণকবরে চাপা দেওয়া, বিভিন্ন গোপন বৈঠক ও শপথে অংশ নেওয়ার অভিযোগ আনা হয়।বিদ্রোহী বিডিআর সদস্যদের বিচারে গঠিত বিশেষ আদালত-৬-এ গতকাল দ্বিতীয় দিনের মতো সিগন্যাল সেক্টর ও আরএসইউর সদস্যদের হাজির করা হয়। এদের মধ্যে সিগন্যাল সেক্টরের ১৮৭ জন ও আরএসইউর ১১৩ জন ছিলেন। দুই মামলার প্রসিকিউটরদের বক্তব্য শুনে আদালত সিগন্যাল সেক্টরের অভিযোগ গঠনের জন্য ৫ ডিসেম্বর ও আরএসইউর জন্য ১৯ ডিসেম্বর দিন ধার্য করেন। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম।বিদ্রোহের আইনের ব্যাখ্যা দিতে গিয়ে আদালত প্রধান বলেন, ‘আপনাদের কিছু কিছু কার্যক্রম বিদ্রোহের কারণ, আর কিছু কার্যক্রম বিদ্রোহের সূচনা হিসেবে গণ্য হবে।’ আদালতের এই মন্তব্যের ব্যাখ্যা দিয়ে মামলার কৌঁসুলি লেফটেন্যান্ট কর্নেল আতিকুজ্জামান প্রথম আলোকে বলেন, আরএসইউ যে লিফলেট বিলি করেছিল তা বিদ্রোহকে উসকে দিয়েছিল। এটা বিদ্রোহের কারণ। আর তারা লোকজনকে প্রথমে আহ্বান করে বিদ্রোহে অংশ নিতে অনুপ্রাণিত করেছিল। এর মাধ্যমে তারা বিদ্রোহের সূচনা করেছিল।’শুনানিতে আদালত প্রধান বলেন, ‘বিদ্রোহের পর গোটা পিলখানা ছিল লন্ডভন্ড। শুধু আরএসইউর অফিস ছিল সাজানো-গোছানো। সবগুলো ফাইল, জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে নির্দিষ্ট জায়গায় এমনভাবে রাখা ছিল যেন তখনই ইন্সপেকশন আসবে।’আরএসইউর বর্তমান প্রধান ও মামলার কৌঁঁসুলি লেফটেন্যান্ট কর্নেল আতিকুজ্জামান আদালতে বলেন, আরএসইউ সদস্যদের দায়িত্ব ছিল পিলখানার ভেতরে কোথাও কোনো গোলযোগ, অসন্তোষ হচ্ছে কি না তা কর্তৃপক্ষকে জানানো। কিন্তু তারা শুরু থেকেই বিদ্রোহে জড়িত ছিল। এ কারণে বিদ্রোহের কোনো তথ্য কর্তৃপক্ষকে জানায়নি তারা। ওরা যদি দায়িত্ব পালন করত তাহলে বিদ্রোহ অঙ্কুরেই থামানো যেত।কৌঁসুলির বক্তব্যের ফাঁকে ফাঁকে আদালতের সভাপতি অভিযুক্ত আরএসইউ সদস্যদের বক্তব্য জানতে চান। সব ক্ষেত্রেই সদস্যরা না সূচক বক্তব্য দেন। বিদ্রোহের সময় বিডিআরের প্রধান ফটকে (৪ নম্বর ফটক) দায়িত্বে ছিলেন হাবিলদার কামালউদ্দীন। তিনি কী দেখেছেন জিজ্ঞেস করা হলে তিনি জবাবে বলেন, ‘সকাল সাড়ে নয়টার দিকে দুজন মুখোশা পরা অস্ত্রধারী ফটকে গিয়ে নিয়ন্ত্রণ নেয়।’ তাদের চেনেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না’। তারা কেন অস্ত্র নিয়ে এসেছে বলে আপনার মনে হয়েছে—জানতে চাইলে তিনি না সূচক জবাব দেন।কর্মকর্তাদের লাশ মাটিচাপা দেওয়ার অভিযোগ তোলা হয় সুবেদার ইউসুফ আলী খানসহ ৩৪ জনের বিরুদ্ধে। আদালতের প্রশ্নের জবাবে ইউসুফ আলী খান বলেন, ‘আমি কিছু করিনি। কারা করেছে জানি না।’শুনানি শেষে সাংবাদিকদের আতিকুজ্জামান বলেন, ‘২১ ফেব্রুয়ারি বিডিআরে নিয়োজিত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে সাধারণ সৈনিকদের উসকানিমূলক অভিযোগসংবলিত একটি লিফলেট পাওয়া যায়। পরে পিলখানায় ওই লিফলেটের আরও কপি উদ্ধারের দায়িত্ব দেওয়া হয় আরএসইউকে। এর পরিপেক্ষিতে পুরো পিলখানা, গুরুত্বপূর্ণ স্থানগুলো ও বিশেষ করে দরবার হলের নিরাপত্তা বাড়ানো হয়। লিখিতভাবে নজরদারির দায়িত্ব দেওয়া হয় আরএসইউকে। কর্মকর্তারা অস্ত্রাগারে ডিউটি দেওয়া শুরু করেন। ৭০ জন আরএসইউ সদস্য ছয়টি ভাগে ভাগ হয়ে কাজ করছিলেন। পিলখানা খুঁজে তাঁরা চারটি লিফলেট কর্মকর্তাদের দেন! কর্মকর্তারা তখন বুঝতে পারেননি, লিফলেট ছাপানো ও বিতরণের পেছনে আরএসইউ সদস্যরাই ছিলেন। তাই এর বেশি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।ডামি বন্দুক নিয়ে বিদ্রোহে: সিগন্যাল সেক্টরের শুনানিতে কৌঁসুলি লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম সরকার বলেন, সিগন্যালের লোকেরা যারা বন্দুক পায়নি তারা ড্রিল পারপাস (ডিপি) রাইফেল নিয়ে বিদ্রোহ করতে বের হয়ে গেছেন। অনেকে লাঠি, খাটের রড নিয়েও বিদ্রোহে অংশ নেন।