বিডিআর সিগন্যাল সেক্টরের ১৮৭ জন জওয়ানের বিচারের শুনানি আজকের মতো শেষ হয়েছে। আদালত আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত এই বিচার মুলতবি করেছেন। আজ শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে এই বিচারের শুনানি শুরু হয়। বিডিআর মহাপরিচালক মেজর জেনালের মইনুল ইসলাম আদালতে সভাপতিত্ব করেন। সকালে বিডিআর সিগন্যাল সেক্টরের ১৮৭ জন জওয়ানের শুনানি শুরু হলে প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম সরকার অভিযোগের ব্যাখ্যা তুলে ধরেন। সকাল ১১টা ১৫ মিনিট পর্যন্ত এক ঘণ্টা এই শুনানি অনুষ্ঠিত হয়। এদিকে আজ দুপুর ১২টা ১৫ মিনিটে বিডিআরের নিরাপত্তা শাখার (আরএসইউ) ১১৩ জন অভিযুক্ত জওয়ানকে আদালতে হাজির করে শুনানি শুরু হবে।উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিদ্রোহের ঘটনায় নিউমার্কেট থানায় দায়েরকৃত মামলায় সিগন্যাল সেক্টরের ১০৭ জন ও নিরাপত্তা শাখার ৫৭ জন আসামি কারাবন্দী আছেন। বিশেষ আদালত-৬ এই আসামিদের পাশাপাশি ইউনিটে কর্মরত অন্য আসামিদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশানুযায়ী আজ এই দুই ইউনিটের সব আসামিকে হাজির করা হচ্ছে।