বিডিআর বিদ্রোহের ঘটনায় সিগন্যাল সেক্টরের ১৮৭ আসামির ১৮২ জওয়ানকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। এ ঘটনায় দোষ স্বীকার করা তিনজনসহ মোট পাঁচ জওয়ানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।পিলখানায় বিশেষ আদালত-৮-এর সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আবু সায়ীদ খান গতকাল সোমবার এ রায় ঘোষণা করেন। বিদ্রোহের ঘটনায় বিডিআরের নিজস্ব আইনে করা ১১টি মামলার মধ্যে এটি পঞ্চম। আরও ছয়টি মামলা বিচারাধীন।রায়ে ২০ জনকে সর্বোচ্চ সাত বছর এবং পাঁচজনকে সর্বনিম্ন চার মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তিনজনকে ছয় বছর, ১৪ জনকে পাঁচ বছর, দুজনকে সাড়ে চার বছর, আটজনকে চার বছর, ১৬ জনকে তিন বছর ও০ আটজনকে দুই বছর ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়। ২৩ জনকে দুই বছর, ২০ জনকে দেড় বছর, ৩৩ জনকে এক বছর এবং ৩০ জনকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আদালত দণ্ডিত প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেছেন।রায় ঘোষণা উপলক্ষে গতকাল পিলখানায় কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে সকাল পৌনে ১০টায় শুরু বিশেষ আদালতের কার্যক্রম। রায় ঘোষণার শুরুতে আদালতের সভাপতি বলেন, ৩৩ কার্যদিবসে এ মামলার বিচার কার্যক্রম সমাপ্ত করা হচ্ছে। এটা পিলখানা বিদ্রোহের পঞ্চম রায়। গত বছরের ৬ মে এ মামলার অভিযোগ গঠন করা হয়। এতে তিনজন আসামি দোষ স্বীকার করেন। ৭৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এ ছাড়া আসামিরা তাঁদের পক্ষে ২২ জনকে সাফাই সাক্ষী হিসেবে আদালতে উপস্থাপন করেন।সভাপতি বলেন, এটি একটি নিরপেক্ষ আদালত। এ আদালত কোনো পক্ষপাতিত্ব করেননি। রায়ের ক্ষেত্রে আদালত ছয়টি বিষয় বিবেচনায় নিয়েছেন। তা হলো নিজস্ব আইন সমুন্নত রাখা, প্রচলিত আইনের ব্যবহার নিশ্চিত করা, অপরাধের মাত্রা নির্ধারণ করা, স্বাধীনতাযুদ্ধে আসামির কোনো অবদান ছিল কি না তা দেখা, বিডিআরে কর্মরত থাকা অবস্থায় আসামি কোনো পদক বা মেডেল পেয়েছিলেন কি না, গ্রেপ্তারের পর জেলহাজতে তাঁর আচরণ কেমন ছিল এবং তাঁরা দীর্ঘদিন তিনি যে হাজতে ছিলেন সে বিষয়টি বিবেচনায় আনা।সভাপতি বলেন, মামলার রায় আজ থেকেই কার্যকর হবে। খালাসপ্রাপ্তরা চাকরি ফেরত পাবেন।রায় ঘোষণার পর একে একে আসামিদের পুলিশের গাড়িতে করে কারাগারে পাঠানো হয়।রায়ের পর মামলার প্রসিকিউটর মেজর আহসান হাবীব বলেন, আদালত সিগন্যাল সেক্টরের সদস্যদের বিরুদ্ধে ১০ ধরনের অপরাধের প্রমাণ পেয়েছেন। এগুলো হলো মহাপরিচালকের আদেশ অমান্য করা, অধস্তনদের নিয়ন্ত্রণ না করা, বিদ্রোহের সংবাদ না দেওয়া, তথ্য গোপন করা, বেআইনি অস্ত্র সংগ্রহ করা, অস্ত্র দখলে রাখা, বিভিন্ন আলামত দখলে রাখা, বিদ্রোহে অংশগ্রহণ করা ও উসকানিমূলক বক্তব্য দেওয়া। প্রসিকিউটর বলেন, যাঁরা আদালতে দোষ স্বীকার করেছেন, তাঁরা অনুকম্পা পেয়েছেন।উল্লেখ্য, পিলখানা বিদ্রোহের ঘটনায় মোট ১১টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে পাঁচটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। এতে এক হাজার ১৪৩ জন সাজা পেয়েছেন। খালাস পেয়েছেন ১৮ জন। এখনো যে ছয়টি বিচার চলছে, তাতে দুই হাজার ৯৩২ জন আসামি রয়েছেন। এ ছাড়া ঢাকার বাইরে ৪৬টি মামলার বিচার শেষ হয়েছে।বিশেষ আদালত-৮-এর সভাপতি ছিলেন বর্ডার গার্ডের উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সায়ীদ খান, সদস্যরা হলেন লে. কর্নেল মো. সেরজুল হক ও মেজর জাহিদুর রহমান খান। এ ছাড়া অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী ভীষ্মদেব চক্রবর্তী।