সিগন্যাল সেক্টরের ১৮২ জনের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় সিগন্যাল সেক্টরের ১৮৭ আসামির মধ্যে ১৮২ জনকে বিভিন্ন মেয়াদে সাজার আদেশ দেওয়া হয়েছে। দোষ স্বীকার করা তিনজনসহ বাকি পাঁচজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।পিলখানায় দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৮-এর সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আবু সায়ীদ খান গতকাল সোমবার এ মামলার রায় ঘোষণা করেন। পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরের নিজস্ব আইনে করা ১১টি মামলার মধ্যে এ নিয়ে পঞ্চম মামলার রায় হলো। অপর ছয়টি মামলা বিচারাধীন।সিগন্যাল সেক্টরের মামলার রায়ে ২০ জনকে সর্বোচ্চ সাত বছর করে এবং পাঁচজনকে সর্বনিম্ন চার মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তিনজনকে ছয় বছর করে, ১৪ জনকে পাঁচ বছর, দুজনকে সাড়ে চার বছর, আটজনকে চার বছর, ১৬ জনকে তিন বছর, আটজনকে দুই বছর ছয় মাস, ২৩ জনকে দুই বছর, ২০ জনকে দেড় বছর, ৩৩ জনকে এক বছর এবং ৩০ জনকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে আদালত দণ্ডাদেশ পাওয়া প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেন।রায় ঘোষণা উপলক্ষে গতকাল পিলখানায় কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। সকাল পৌনে ১০টায় বিশেষ আদালতের কার্যক্রম শুরু হয়। আদালতের সভাপতি বলেন, ৩৩ কার্যদিবসে এ মামলার বিচার কার্যক্রম শেষ হচ্ছে। গত বছরের ৬ মে এ মামলার অভিযোগ গঠন করা হয়েছিল। তিনজন আসামি দোষ স্বীকার করেন। ৭৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এ ছাড়া আসামিরা তাঁদের পক্ষে ২২ জনকে সাফাই সাক্ষী হিসেবে আদালতে উপস্থাপন করেন।আদালতের সভাপতি বলেন, আদালত কোনো পক্ষপাতিত্ব করেননি। রায়ের ক্ষেত্রে আদালত ছয়টি বিষয় বিবেচনায় নিয়েছেন। এসব হলো: নিজস্ব আইন সমুন্নত রাখা, প্রচলিত আইনের ব্যবহার নিশ্চিত করা, অপরাধের মাত্রা নির্ধারণ করা, মুক্তিযুদ্ধে আসামির কোনো অবদান ছিল কি না তা দেখা, বিডিআরে কর্মরত থাকা অবস্থায় আসামি কোনো পদক বা মেডেল পেয়েছিলেন কি না, গ্রেপ্তারের পর জেলহাজতে তাঁর আচরণ কেমন ছিল ও দীর্ঘদিন তাঁর হাজতে থাকার বিষয়টি। তিনি বলেন, মামলার রায় এখন থেকেই কার্যকর হবে। যাঁরা খালাস পেয়েছেন, তাঁরা চাকরি ফেরত পাবেন।রায় ঘোষণার পর একে একে আসামিদের পুলিশের গাড়িতে করে কারাগারে পাঠানো হয়।রায় ঘোষণার পর মামলার প্রসিকিউটর মেজর আহসান হাবিব সাংবাদিকদের বলেন, আদালত সিগন্যাল সেক্টরের সদস্যদের বিরুদ্ধে ১০ ধরনের অপরাধের প্রমাণ পেয়েছেন। এগুলো হলো: মহাপরিচালকের আদেশ অমান্য করা, অধস্তনদের নিয়ন্ত্রণ না করা, বিদ্রোহের সংবাদ না দেওয়া, তথ্য গোপন করা, বেআইনি অস্ত্র সংগ্রহ করা, অস্ত্র দখলে রাখা, বিভিন্ন আলামত দখলে রাখা, বিদ্রোহে অংশগ্রহণ করা ও উত্তেজনামূলক বক্তব্য দেওয়া। প্রসিকিউটর বলেন, যাঁরা আদালতে দোষ স্বীকার করেছেন তাঁরা অনুকম্পা পেয়েছেন।পিলখানা বিদ্রোহের ঘটনায় গতকাল পর্যন্ত পাঁচ মামলায় মোট এক হাজার ১৪৩ জন সাজা পেয়েছেন। খালাস পেয়েছেন ১৮ জন। বিচারাধীন থাকা অপর ছয়টি মামলায় মোট দুই হাজার ৯৩২ জন আসামি রয়েছেন। এ ছাড়া ঢাকার বাইরে ৪৬টি মামলা নিষ্পত্তি হয়েছে।