সিগারেট ও তামাকজাত দ্রব্যের দাম বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১১-১২ অর্থবছরের বাজেটে সব ধরনের সিগারেটের মূল্যস্তর ও সম্পূরক শুল্কহার বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে প্রস্তাব করা হয়েছে তামাকজাত দ্রব্য জর্দা ও গুলের ওপর সম্পূরক শুল্ক বাড়ানোর।জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব প্রস্তাব করেন। তিনি বলেন, ‘মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় বৃদ্ধি করার জন্য কিছু ক্ষেত্রে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। বিশেষ করে সিগারেটের মূল্যস্তর ও সম্পূরক শুল্কহার বাড়ানো হয়েছে।’এসব শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা বলছেন, এর ফলে সিগারেট ও তামাকজাত দ্রব্যের দাম বাড়বে। তাই এসব পণ্য যারা ব্যবহার করে, তাদের এখন আরও বেশি অর্থ গুনতে হবে।খবরটি ধূমপায়ীদের জন্য নেতিবাচক হলেও ধূমপানবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, এসব পণ্য ব্যবহারের ব্যয় বাড়ার কারণে উন্নত দেশগুলোতে ধূমপানের হার অনেক কমে গেছে। কিন্তু এ দেশে তামাকজাত পণ্যের দাম তুলনামূলক কম হওয়ায় এর ক্ষতিকর প্রভাব থেকে বেরিয়ে আসা যাচ্ছে না। তাই তামাকজাত পণ্য ব্যবহারের ব্যয় বাড়াতে ক্রমান্বয়ে করহার আরও বাড়ানোর দাবি জানান তাঁরা।অর্থমন্ত্রী বলেন, ‘তামাকজাত পণ্যের ব্যবহারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বিদ্যমান থাকার কারণে দেশব্যাপী এসব পণ্যের ব্যবহার সীমিত করার পক্ষে জনমত গড়ে উঠেছে। তাই তামাকজাত পণ্যের ব্যবহার কমিয়ে আনার সঙ্গে সঙ্গে এ খাত থেকে রাজস্ব আয় বৃদ্ধি করার লক্ষ্যে জর্দার সম্পূরক শুল্ক ১০ শতাংশ বাড়িয়ে ৩০ শতাংশ করার প্রস্তাব করছি।’ আর সিগারেটের সম্পূরক শুল্ক যথাক্রমে ৩৬, ৫৫, ৫৮ ও ৬০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। আগে এ হার ছিল যথাক্রমে ৩৩, ৫৩, ৫৬ ও ৫৮ শতাংশ।অর্থমন্ত্রী বলেন, উচ্চ এবং প্রিমিয়াম পর্যায়ে সিগারেট সেবন কমলেও নিম্নতম পর্যায়ে এর পরিমাণ গত কয়েক বছরে খুব বেড়ে গেছে। এ দিকটি বিবেচনা করে সিগারেটের মূল্যস্তর ও সম্পূরক শুল্কের পরিবর্তন আনা হয়েছে।জানা গেছে, প্রিমিয়াম শ্রেণীর সিগারেটের ক্ষেত্রে মূল্যস্তর ছিল ৫২ টাকা বা এর বেশি। প্রস্তাবিত বাজেটে তা বাড়িয়ে করা হয়েছে ৬০ টাকা বা এর বেশি। হাই ব্র্যান্ডের ক্ষেত্রে মূল্যস্তরের পরিসর ছিল ২৭ থেকে ৩২ টাকা। নতুন করে প্রস্তাব করা হয়েছে ৩২ থেকে ৩৬ টাকা। মধ্যম শ্রেণীর ক্ষেত্রে মূল্যস্তর বেড়ে হয়েছে সাড়ে ২২ টাকা থেকে ২৩ টাকা, আগে যা ছিল ১৮ টাকা ৪০ পয়সা থেকে ১৯ টাকা। আর নিম্ন পর্যায়ের মূল্যস্তর ছিল আট টাকা ৪০ পয়সা থেকে সাড়ে নয় টাকা। এবার এটি বাড়িয়ে করা হয়েছে ১১ টাকা থেকে ১১ টাকা ৩০ পয়সা। অর্থমন্ত্রীর ভাষায় এতে দেশীয় বিড়িশিল্প মোটেও বিপদগ্রস্ত হবে না। কারণ তাদের করভার বাড়ানো হয়নি, বরং তুলনামূলক সুযোগ বৃদ্ধি করা হয়েছে।বাজেট বক্তৃতায় বলা হয়, তামাকজাত দ্রব্য থেকে একদিকে জনগণের স্বাস্থ্যহানি, পরিবেশ দূষণ এবং অপরদিকে কর্মসংস্থান ও রাজস্ব আয়ের বিষয় বিবেচনায় রেখে সুষ্ঠু নীতি নির্ধারণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) তামাক করনীতি সেল গঠন করা হয়েছে। এ ছাড়া ধূমপান নিরুৎসাহিত করতে সিগারেট প্রস্তুতকারকদের করহার বাড়িয়ে সাড়ে ৪২ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।