সিগারেটের প্যাকেটে ক্ষতিকর প্রভাবসংবলিত ছবি সংযুক্তিতে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিগারেট ও তামাকজাত পণ্যের প্যাকেটে এর ক্ষতিকর প্রভাবসংবলিত ছবি সংযুক্তিতে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি মো. শওকত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন।চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্যসচিব, আইনসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। সিগারেট ও তামাকজাত পণ্যের মোড়কের ক্ষতিকর প্রভাবসংক্রান্ত ছবি সংযুক্তির নির্দেশনা চেয়ে স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য রুরাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (সারডা) নির্বাহী পরিচালক আরিফুর রহমান ভূঁইয়া ৫ মে রিট আবেদনটি করেন।এর ওপর প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন। আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী শাহজাদা আল-আমিন কবির। তিনি বলেন, ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল-২০০৩-এ বাংলাদেশ স্বাক্ষর করেছে। এটা কার্যকর হয় ২০০৪ সালে। এরপর ২০০৫ সালে করা হয় ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০০৫। ফ্রেমওয়ার্ক কনভেনশনে ক্ষতিকর প্রভাবসংবলিত ছবি থাকার কথা বলা আছে। আইনের ১৬ বিধিতে বিষয়টি অন্তর্ভুক্তির সুযোগ রয়েছে। কিন্তু এ সত্ত্বেও এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়নি।