সিঙ্গাইরে ১৮ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
সোনালী ব্যাংকের মানিকগঞ্জের সিঙ্গাইর শাখার কনিষ্ঠ কর্মকর্তা (ক্যাশ) মো. শাজাহানকে গত সোমবার রাতে ১৮ লাখ টাকা মূল্যমানের দেশি ও বিদেশি মুদ্রাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ওই কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী ছিনতাইয়ের অভিযোগে দুই সন্ত্রাসীকেও গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, সোমবার রাতে সিঙ্গাইর থানার উপপরিদর্শক (এসআই) আদিল মাহমুদ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) নির্মল কুমার বেগ সিঙ্গাইর-হেমায়েতপুর সড়কের আজিমপুর এলাকা থেকে ইউরো, ডলার, দিনার, রিয়াল ও রিংগিত মিলিয়ে ১৮ লাখ টাকাসহ ব্যাংক কর্মকর্তা মো. শাজাহানকে আটক করেন। এ সময় সালাউদ্দিন ও শহীদুল ইসলাম নামের দুজন ওই কর্মকর্তার কাছ থেকে কিছু অর্থ ও বিদেশি মুদ্রা ছিনিয়ে নিয়ে যান। রাতেই তাঁদের গ্রেপ্তার করা হয়।এসআই আদিল মাহমুদ গতকাল মঙ্গলবার শাজাহান, সালাউদ্দিন ও শহীদুলকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করেন। সালাউদ্দিন ও শহীদুলকে সাত দিনের রিমান্ডের আবেদন জানালে তা নামঞ্জুর করে আদালত তিনজনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।শাজাহানের ভাই শাহীনুর ও আফজাল হোসেনের দাবি, সিঙ্গাইরের কয়েক হাজার লোক বিদেশে থাকেন। তাঁদের পাঠানো বিভিন্ন বিদেশি মুদ্রা জোগাড় করে শাজাহান মুদ্রা কেনাবেচার ব্যবসা করে আসছিলেন। গত সোমবার এসব মুদ্রাসহ তিনি গ্রেপ্তার হন।পুলিশের হেফজতে থাকা অবস্থায় শাজাহান বলেন, ‘দেড় লাখ টাকাসহ বিভিন্নজনের কাছ থেকে জোগাড় করা প্রায় ২৩ লাখ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা নিয়ে সোমবার অফিস ছুটির পর মোটরসাইকেলে করে আমি ঢাকার বাসায় ফিরছিলাম। রাত আটটার দিকে সিঙ্গাইর-হেমায়েতপুর সড়কের আজিমপুর এলাকায় পৌঁছালে উভয় দিক থেকে দুটি মোটরসাইকেলে করে চার ব্যক্তি এসে আমার গতিরোধ করেন। আমাকে মারধর করে তাঁরা মুদ্রাভর্তি ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান। একপর্যায়ে তাঁদের দুজন প্রায় পাঁচ লাখ টাকার মুদ্রা নিয়ে দৌড়ে পালিয়ে যান। এ সময় আমার চিত্কারে স্থানীয় লোকজন এসে অপর দুজনকে আটক করে। তাঁদের একজন নিজেকে সিঙ্গাইর থানার এসআই আদিল মাহমুদ ও অপরজন এএসআই নির্মল কুমার বেগ পরিচয় দিলে জনতা তাঁদের ছেড়ে দেন। এরপর ১৮ লাখ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রাসহ আমাকে থানায় নিয়ে আসা হয়।’এসআই আদিল মাহমুদ বলেন, সালাউদ্দিন ও শহীদুল ইসলাম পুলিশের সোর্স। তাদের মাধ্যমে খবর পেয়েই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ সোমবার রাতে ব্যাংক কর্মকর্তা মো. শাজাহানকে গ্রেপ্তার করা হয়। একপর্যায়ে সালাউদ্দিন ও শহীদুল ওই কর্মকর্তার কাছ থেকে কিছু টাকা লুটে নেন। ব্যাংক কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে ওই রাতেই তাঁদের গ্রেপ্তার করা হয়। সালাউদ্দিন ও শহীদুল টাকা ছিনতাই করার কথা স্বীকার করেছেন বলে তিনি দাবি করেন।দুজন পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে সালাউদ্দিন ও শহীদুল কীভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটালেন—এ প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি এসআই আদিল।সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, শাজাহান দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডলারের ব্যবসা করে আসছিলেন। সোমবার রাতে সালাউদ্দিন ও শহীদুলসহ তিনজন সন্ত্রাসী তাঁর কাছ থেকে দেশি ও বিদেশি মুদ্রা ছিনতাইয়ের চেষ্টা চালান। খবর পেয়ে আদিল মাহমুদ ও নির্মল কুমার বেগ সেখানে গিয়ে প্রায় ১৮ লাখ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রাসহ শাজাহানকে গ্রেপ্তার করেন। এর আগেই সালাউদ্দিন ও শহীদুল কিছু টাকা ছিনিয়ে সটকে পড়েন বলে তিনি নিশ্চিত করেন। সালাউদ্দিন ও শহীদুল এলাকার সন্ত্রাসী বলে তিনি জানান।