সিঙ্গাইরের সংঘর্ষে পুলিশের ভূমিকা সঠিক ছিল: নাসিম
মানিকগঞ্জের সিঙ্গাইরে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা সঠিক ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ নাসিম। আজ রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম ওই কথা বলেন।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, ‘এরা দুষ্কৃতকারী এবং একটি রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা করতে গিয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে পদক্ষেপ নিয়েছে, তা সঠিকই ছিল।’ নাসিম গত শুক্রবারের সংঘর্ষের বিষয়ে বলেন, ‘ধর্মপ্রাণ মুসল্লিদের ভুল বুঝিয়ে তাঁদের কর্মসূচিতে অনুপ্রবেশ করে জামায়াত-শিবির তাণ্ডব চালিয়েছিল। চিরকালের মতলববাজ বিএনপি এর মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিল।’আজকের হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে দাবি করে নাসিম ১৪ দলের পক্ষ থেকে দেশবাসীকে অভিনন্দন জানান।মোহাম্মদ নাসিম বলেন, জামায়াত-শিবিরের নেতৃত্বে শহীদ মিনারে হামলা, জাতীয় পতাকার অবমাননা এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অগ্নিসংযোগের প্রতিবাদে আগামী ৪ মার্চ ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি নিয়েছে ১৪ দল। নাসিম আরও বলেন, ধর্মীয় উন্মাদনায় উসকানি দেওয়ার জন্য ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার বলে ১৪ দল মনে করে। সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক অসিত বরণ রায় প্রমুখ।