সিঙ্গাপুরে কী পেলেন, যে যুদ্ধাপরাধীদের পক্ষে দাঁড়ালেন: প্রধানমন্ত্রী
বিরোধী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শুনেছি তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন চিকিত্সার জন্য। কিন্তু দেশে এসেই যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছেন।’ প্রধানমন্ত্রী প্রশ্ন তুলে বলেন, ‘সেখানে কী এমন টাকার মোচা পেলেন যা নিয়ে দেশে এসে যুদ্ধাপরাধীদের পক্ষে আন্দোলনের ঘোষণা দিলেন।’ আজ শনিবার সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা মৌজায় পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডের নদীর তীর রক্ষা কার্যক্রম উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় এসব বলেন প্রধানমন্ত্রী।শেখ হাসিনা বলেন, ‘পদ্মা সেতু করা হবে নিজস্ব অর্থায়নে। আগামী চার অর্থবছরে বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা পদ্মা সেতু নির্মাণে ব্যয় করা হবে। এর মধ্যে পদ্মা সেতু নির্মাণের বিভিন্ন কার্যক্রম শুরু হয়ে গেছে। কয়েক মাসের মধ্যে পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়ক নির্মাণের কাজ শুরু করা হবে।’ তিনি আরও বলেন, ‘শিগগিরই পদ্মা সেতু নির্মাণের মূল কাজ শুরু হবে।’ এ সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে বলে অভিযোগ করে শেখ হাসিনা বলেন, ‘২০০১ সালের ৪ জুলাই পদ্মা সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করি। বিএনপি ক্ষমতায় এসে এর নির্মাণকাজ বন্ধ করে দেয়।’ তবে সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশবাসীর সহযোগিতায় এ সরকারের মেয়াদেই পদ্মা সেতুর মূল কাজ শুরু করা হবে বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘একাত্তর সালে যারা আমাদের মা-বোনদের নির্যাতন করেছে, নিরস্ত্র জনতাকে হত্যা করেছে, সেসব যুদ্ধাপরাধীর বিচার কার্যক্রম শুরু হয়েছে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের মতো তাদের রায়ও বাংলার মাটিতে কার্যকর করা হবে।’সেতু বিভাগ সূত্র জানায়, পদ্মা সেতু নির্মাণের জন্য কন্সট্রাকশন ইয়ার্ড হিসেবে ব্যবহার করতে জাজিরা উপজেলার নাওডোবা মৌজায় ২০০৮ সালে ২৬০ একর ভূমি হুকুম দখল করে জেলা প্রশাসন। জায়গাটি পদ্মার তীরবর্তী হওয়ায় ভাঙন কবলিত। এ জায়গাটা ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য সেতু বিভাগ ২ দশমিক ২০ কিলোমিটার দৈর্ঘ্যের ও ৬০ মিটার প্রস্থের একটি নদীতীর রক্ষা বাঁধ নির্মাণ করার সিদ্ধান্ত নেয়। প্রকল্পটির ব্যয় নির্ধারণ করা হয় ৯৭ কোটি টাকা। নাওডোবা মৌজার লতিফ ফকিরকান্দি হতে ছাত্তার মাদবর-মঙ্গলমাঝির ফেরি ঘাট পর্যন্ত প্রতিরক্ষা বাঁধটি নির্মাণ করা হবে।জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রব মুন্সির সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, শরীয়তপুর-১ আসনের সাংসদ মোজাম্মেল হক, শরীয়তপুর-৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাক প্রমুখ।