সিঙ্গাপুরে নেওয়া হয়েছে বিএনপির মহাসচিবকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নত চিকিৎসার জন্য বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।খোন্দকার দেলোয়ারকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে বলে জানা গেছে। রওনা দেওয়ার আগে খোন্দকার দেলোয়ার তাঁর রোগমুক্তির জন্য সবার দোয়া চেয়েছেন।খোন্দকার দেলোয়ার বর্তমানে কিডনি, ডায়াবেটিস ও হূদরোগে ভুগছেন। গত ২২ ফেব্রুয়ারি নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাঁকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে গত বৃহস্পতিবার রাতে স্কয়ার হাসপাতালে আনা হয়। সেখানে তাঁকে বিশেষ চিকিৎসা-সহায়তা (লাইফ সাপোর্ট) দিয়ে রাখা হয়।তবে গতকাল স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) চিকিৎসক মির্জা নাজিম উদ্দিন সাংবাদিকদের বলেছেন, বৃহস্পতিবার রাতে খোন্দকার দেলোয়ারের অবস্থা গুরুতর থাকলেও গতকাল শুক্রবার দুপুর থেকে তিনি আশঙ্কামুক্ত হন। তিনি স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। তাঁর অবস্থা উন্নতির দিকে।অসুস্থ খোন্দকার দেলোয়ার হোসেনকে দেখতে গতকাল স্কয়ার হাসপাতালে গেছেন বিএনপি ও বিভিন্ন দলের নেতারা। দুপুরে হাসপাতালে যান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি খোন্দকার দেলোয়ারের পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।মাহবুব উল আলম সাংবাদিকদের বলেন, ‘আমি প্রধানমন্ত্রী ও দলের পক্ষ থেকে বিএনপির মহাসচিবকে দেখতে এসেছি। আশা করি, তিনি সুস্থ হয়ে উঠবেন। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’সকাল থেকে বিএনপির মহাসচিবকে দেখতে হাসপাতালে যান দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।