সিঙ্গাপুরে বায়ুদূষণ ঝুঁকিপূর্ণ পর্যায়ে
সিঙ্গাপুরে বায়ুদূষণের ফলে সৃষ্ট ধোঁয়া পরিবেশদূষণ সূচকের সর্বোচ্চ মাত্রা ছুঁয়েছে। বায়ুদূষণের সূচকে এই পরিস্থিতি ‘বিপজ্জনক’ পর্যায়ে পৌঁছেছে। এ পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে দেশটি। এবিসি নিউজ ও বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বনের ভেতর বেআইনিভাবে আগুন দেওয়ার ঘটনা এই ধোঁয়াশা পরিবেশ সৃষ্টির কারণ। এই ধোঁয়ায় সিঙ্গাপুরের ভবনগুলো অন্ধকারে ঢাকা পড়ে গেছে। বাতাসে ছড়িয়ে পড়েছে কাঠ পোড়ার গন্ধ।সিঙ্গাপুরের পরিবেশমন্ত্রী বলেছেন, তাঁর প্রতিনিধিদলটি ইন্দোনেশিয়াকে এই দূষণের মাত্রা একটি নির্দিষ্ট মাত্রার মধ্যে সীমাবদ্ধ রাখতে জোর দেবে।দেশটির জাতীয় পরিবেশ সংস্থা জানায়, বায়ুদূষণের সূচকে ২০০ পয়েন্ট অতিক্রম করলেই ওই পরিস্থিতিকে ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ বলা হয়। আর বর্তমানে এই সূচক সর্বোচ্চ মাত্রা ৩০১ পয়েন্টের কাছাকাছি।গতকাল বুধবার স্থানীয় সময় রাত নয়টায় সিঙ্গাপুরে এই সূচক ২৯০ পয়েন্টে পৌঁছায়। এর আগে ১৯৯৭ সালের সেপ্টেম্বরে দেশটিতে এই দূষণের মাত্রা বেড়ে সর্বোচ্চ ২২৬ পয়েন্টে পৌঁছেছিল।বায়ুদূষণের কারণে সৃষ্ট ধোঁয়ার পরিমাণ সূচকের ২০০ পয়েন্ট অতিক্রম করলে তা লোকজনের হূদরোগ ও ফুসফুসে সংক্রমণের কারণ হয়ে দাঁড়ায়, বিশেষ করে বয়স্ক ও শিশুরা বেশি আক্রান্ত হয়ে থাকে। সিঙ্গাপুরের সরকারি গাইডলাইনে হূদরোগ ও ফুসফুসের সমস্যায় আক্রান্ত বয়স্ক ব্যক্তিদের বাড়িতেই অবস্থান করতে বলা হয়েছে। একই সঙ্গে সাধারণ লোকজনকে বাড়ির বাইরের কাজ যথাসম্ভব এড়িয়ে যেতে বলা হয়েছে।যুক্তরাষ্ট্র থেকে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে পর্যটন শহর সিঙ্গাপুরে বেড়াতে আসা জেক কট বলেন, ‘আমরা ছুটি শেষ হওয়ার দুই দিন আগেই চলে যাচ্ছি। কারণ, এখানে আমাদের শ্বাসকষ্ট হচ্ছে।’