সিঙ্গাপুরে মৃত্যুদণ্ডের ব্যবহার বিষয়ে বইয়ের লেখক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরে মৃত্যুদণ্ডের ব্যবহারের ওপর একটি বই লেখার অভিযোগে নগর-রাষ্ট্রটির পুলিশ আজ সোমবার একজন ব্রিটিশ লেখককে গ্রেপ্তার করেছে। মানহানির অভিযোগে অ্যালান শ্যাডরেককে আটকে রাখা হয়েছে। এ অপরাধের জন্য সর্বোচ্চ সাজা দুই বছরের কারাদণ্ড। গ্রেপ্তার হওয়ার আগে শ্যাডরেক সাংবাদিকদের জানান, তিনি যখন বইটির প্রচারণা অনুষ্ঠানে অংশ নিতে সিঙ্গাপুরে আসেন তখনই তিনি ঝামেলার আশঙ্কা করছিলেন।শ্যাডরেক বলেন, ‘তারা যদি কিছু করে, তবে তা এ ব্যাপারে আরও বেশি মনোযোগ আকর্ষণ করবে। আর তাদের আত্মপক্ষ সমর্থন করার জন্য কিছু বলারও নেই।’শ্যাডরেকের লেখা ওয়ান্স এ জলি হ্যাঙ্গম্যান—সিঙ্গাপুর জাস্টিস ইন দ্য ডক নামের বইটিতে সিঙ্গাপুরের চাঙ্গি জেলখানার সাবেক প্রধান জল্লাদ দর্শন সিংয়ের একটি সাক্ষাৎকারও রয়েছে। এ ছাড়া বইটিতে মানবাধিকার কর্মী, আইনজীবী এবং পুলিশের সাবেক কর্মকর্তাদের সাক্ষাৎকার আছে।কিন্তু অ্যাটর্নি জেনারেলের দপ্তর বলছে, বইটিতে সিঙ্গাপুরের বিচারব্যবস্থার নিরপেক্ষতা, সততা ও স্বাধীনতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করা হয়েছে। তারা মানহানির পাশাপাশি বইটির লেখকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগও আনতে চায়। গত সপ্তাহে সিঙ্গাপুর সরকার বিবিসিকে জানায়, তারা বইটি বাজেয়াপ্ত করেনি, কিন্তু সরকারের অবশ্যই বইটি দোকানে বিক্রির জন্য না রাখার পরামর্শ দেওয়ার অধিকার আছে।খুন, রাজনৈতিক প্রতারণা, মাদক পাচারসহ কিছু অপরাধের জন্য সিঙ্গাপুরে মৃত্যুদণ্ড বাধ্যতামূলক। কর্মকর্তারা বলছেন, অপরাধের হার কম হওয়ার এটি একটি প্রধান কারণ।কিন্তু রাজনৈতিক বিরোধিতা দমনের জন্য মানহানির মামলা দায়ের করার জন্য অনেক দিন ধরেই মানবাধিকার সংস্থাগুলো সরকারের সমালোচনা করে আসছে।—বিবিসি অনলাইন