সিঙ্গাপুরে রাষ্ট্রপতির চিকিৎসা চলছে অবস্থা অপরিবর্তিত
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের চিকিৎসা চলছে। সিঙ্গাপুরে খোঁজ নিয়ে জানা যায়, রাষ্ট্রপতির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি বর্তমানে হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন আছেন। গতকাল সোমবার এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, সিঙ্গাপুরে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শুরু হয়েছে। তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। রাষ্ট্রপতির প্রেস সচিব নেছার উদ্দিন ভূঁইয়া স্বাক্ষরিত তথ্য বিবরণীতে আরও বলা হয়, মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাষ্ট্রপতির স্বাস্থ্যের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে। তিনি বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এদিকে, রাষ্ট্রপতির পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ফুসফুসের জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্টও আছে। এ ছাড়া বার্ধক্যজনিত জটিলতা তো আছেই। সিঙ্গাপুরে রাষ্ট্রপতির চিকিৎসায় ঢাকার অবস্থার তুলনায় তেমন কোনো উন্নতি হয়নি। গত শনিবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে রাষ্ট্রপতিকে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য রোববার রাতেই তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রপতির ছেলেমেয়েরা তাঁর সঙ্গে আছেন।জিল্লুর রহমান ২০০৯ সালে দেশের ১৯তম রাষ্ট্রপতির দায়িত্ব নেন। গত ৯ মার্চ ছিল তাঁর ৮৫তম জন্মদিন। দায়িত্ব পালনকালে অসুস্থতার জন্য বেশ কয়েকবার তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। গত ডিসেম্বর মাসেও যুক্তরাজ্যে তাঁর স্বাস্থ্য পরীক্ষা হয়।রাষ্ট্রপতির দ্রুত আরোগ্য কামনায় আজ মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকেশ্বরী মন্দিরে এক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।এদিকে, ভৈরব থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সুস্থতা কামনায় তাঁর জন্মভূমি কিশোরগঞ্জ জেলার ভৈরবে গতকাল সোমবার মসজিদে দোয়া মাহফিল এবং মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বাড়ি বাড়ি দোয়া মাহফিল হচ্ছে।