সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচনে টনি তান জয়ী
সিঙ্গাপুরের সাবেক উপপ্রধানমন্ত্রী টনি তান দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী তান চ্যাং বককে তিনি অল্প ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। ৭১ বছর বয়সী টনি তান ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টির সদস্য ছিলেন। তাই এই নির্বাচনে তাঁকে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী লি হাসেইন লুং সমর্থন দিয়েছেন। কিন্তু সিঙ্গাপুরের প্রেসিডেন্ট পদ অরাজনৈতিক হওয়ায় প্রার্থীদের ব্যক্তিগতভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। দেশটির নির্বাচন কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, টনি তান তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে মাত্র সাত হাজার ২৬৯ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। ভোটার ২০ লাখের সামান্য বেশি। ভোট গণনায় দেখা যায়, দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর মধ্যে ভোটের ব্যবধান দুই শতাংশের কম। তাই নির্বাচন বিভাগ পুনরায় ভোট গণনার নির্দেশ দিয়েছে। দ্বিতীয়বারের গণনায় টনি তান অল্প ভোটের ব্যবধানে বিজয়ী হন। তিন মাস আগে দেশটিতে সাধারণ নির্বাচনে পিপলস অ্যাকশন পার্টি বিরোধীদের কাছে ছয়টি গুরুত্বপূর্ণ আসন হারায়। বিশ্লেষকদের মতে, অভিবাসন, জীবনযাত্রার ব্যয় এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নিয়ে ভোটারদের মধ্যে সৃষ্ট ক্ষোভের প্রতিফলন ঘটে ওই নির্বাচনে। ১৯৬৫ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীন হওয়ার পর এখনো পিপলস অ্যাকশন পার্টি দেশটির ক্ষমতায় আছে।