সিঙ্গাপুরের মানুষ কম আবেগী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুর বিশ্বের ধনী দেশগুলোর একটি। কিন্তু এ দেশের অধিবাসীরা সবচেয়ে কম আবেগপ্রবণ। ওয়াশিংটনভিত্তিক জরিপ সংস্থা গ্যালাপ ১৫০টি দেশের ওপর জরিপ চালিয়ে এ তথ্য জানিয়েছে। ওই জরিপে এক হাজার মানুষের কাছে সারা দিনে তাদের পাঁচটি ভালো ও পাঁচটি খারাপ আবেগের কথা জানতে চাওয়া হয়। জরিপে সিঙ্গাপুরের অধিবাসীরা জানান, তাঁরা সবচেয়ে কম আবেগ অনুভব করেন।সিএনএনের খবরে বলা হয়, তিন বছর ধরে ওই জরিপ চালানো হয়। প্রশ্নগুলো ছিল মানুষের আনন্দ, হাসি, কান্না, উদ্বেগ, দুঃখ, মানসিক চাপ ও রাগের ওপরে। দেখা গেছে, সিঙ্গাপুরের ৩৬ শতাংশ লোক অন্য যেকোনো দেশের মানুষের তুলনায় এসব আবেগ কম অনুভব করে। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত ওই জরিপ চালানো হয়।জরিপ সম্পর্কে গ্যালাপের সদস্য ও গ্যালাপ সরকারি দলের পরিচালক জন ক্লিফটন বলেন, সিঙ্গাপুরের জনগণ দিন দিন আবেগহীন হয়ে পড়ছে। এটি ভাবনার বিষয়। সিঙ্গাপুরে এখন অর্থনৈতিক প্রবৃদ্ধির হারের চেয়েও জনগণের আচরণের দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত। অন্য আরেকটি ব্যবসাসংক্রান্ত সাময়িকীতে প্রকাশিত এক লেখায় গ্যালাপের পরিচালক জন ক্লিফটন বলেন, সিঙ্গাপুরের জনগণ যথেষ্ট উত্পাদনক্ষম ও শৃঙ্খলাবদ্ধ। কিন্তু তারা জীবনকে খুব বেশি উপভোগ করতে পারছে না। এদিকে কম আবেগপূর্ণ জাতি হিসেবে সিঙ্গাপুরের পরে তালিকায় জায়গা করে নিয়েছে জর্জিয়া ও লিথুয়ানিয়া। সেখানে ৩৭ শতাংশ লোক কম আবেগপ্রবণ। রাশিয়া, ইউক্রেন, বেলারুশ, কাজাকিস্তান, কিরগিজস্তানে ৩৮ শতাংশ লোক কম আবেগপ্রবণ। এদিকে আবেগের দিক দিয়ে তালিকার শীর্ষে আছে ফিলিপাইন। দেশটির ৬০ শতাংশ লোকই আবেগপ্রবণ। লাতিন আমেরিকার দেশগুলোর লোকেরাও বেশি আবেগপ্রবণ।তবে মজার ব্যাপার হলো এই তালিকার বাইরে রয়েছে ভুটান। কারণ ভুটানের নিজেদেরই রয়েছে আবেগ পরিচালনার জরিপ। ভুটানের চতুর্থ রাজা ১৯৭২ সাল থেকে সেখানে চালু করেছেন সুখের পরিমাপক পদ্ধতি বা গ্রস ন্যাশনাল হ্যাপিনেস। ভুটানের জাতীয় উত্পাদনের চেয়েও সুখের পরিমাপক বেশি গুরুত্বপূর্ণ তাদের কাছে।