সিঙ্গুর আইনকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে টাটার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গুরের জমি নিয়ে সরকারের পাস করা আইনকে চ্যালেঞ্জ করে আজ বুধবার সকালে কলকাতা হাইকোর্টে মামলা করেছে টাটা মোটরস।বিচারপতি সৌমিত্র পালের আদালতে টাটা মোটরসের পক্ষে এই মামলা করেন আইনজীবী সমরাদিত্য পালসহ কয়েকজন।মামলার আরজিতে বলা হয়, মঙ্গলবার সিঙ্গুরের জমি দখলের জন্য রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি বেআইনি এবং অসাংবিধানিক। এই বিজ্ঞপ্তি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তাঁরা। আরজিতে প্রকল্প এলাকায় স্থিতাবস্থা বজায় রাখা ও সিঙ্গুর আইন বাতিলেরও দাবি জানান তাঁরা।এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দিল্লিতে টাটা গোষ্ঠীর দায়ের করা মামলা প্রসঙ্গে বলেছেন, ‘বিষয়টি বিচারাধীন। এখন কোনো মন্তব্য করব না। তবে জমি রাজ্য সরকারের। এ ব্যাপারে আদালতকে জানাবে রাজ্য সরকার।’প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুরে টাটা গোষ্ঠীকে ন্যানো গাড়ির কারখানা গড়ার জন্য সাবেক বামফ্রন্ট সরকার ২০০৭ সালে টাটা মোটরসকে ৯৯৭ দশমিক ১৭ একর জমি লিজ দিয়েছিল। পশ্চিমবঙ্গ সরকার টাটাকে এই জমি দিয়েছিল জমি অধিগ্রহণ করে। এ সময় প্রায় ৪০০ একর জমির মালিকেরা ওই জমির টাকা নেয়নি। আর সেই অনিচ্ছুক কৃষকদের ৪০০ একর জমি ফিরিয়ে দেওয়ার দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী আন্দোলন গড়ে তোলেন। এই আন্দোলনের মুখে টাটা মোটরস তাদের ন্যানো গাড়ির কারখানা গুজরাটের সানন্দেয় সরিয়ে নিলেও টাটা তাদের লিজ দেওয়া জমির অধিকার ছাড়েনি।নির্বাচনের প্রতিশ্রুতিমতো মমতা অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন। এই লক্ষ্যে ১৪ জুন পশ্চিমবঙ্গ বিধানসভায় অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার জন্য ‘সিঙ্গুর পুনর্বাসন ও উন্নয়ন বিল’ নামে একটি আইন পাস করা হয়। ওই আইনবলে মঙ্গলবার রাতেই সিঙ্গুরের সব জমির দখল নেয় রাজ্য সরকার।এদিকে টাটাদের জমি রাজ্য সরকার দখল নিয়েছে এই খবর প্রচারিত হওয়ার পর সিঙ্গুর প্রকল্পে কিছু লোকজন আজ সকালে লুটপাট শুরু করে। তারা প্রকল্পের দরজা ভেঙে নিয়ে যায় এবং পুলিশের সামনেই বিভিন্ন যন্ত্রাংশ ও বৈদ্যুতিক সরঞ্জাম লুট করে নিয়ে যায়।