সিঙ্গুর বিল নিয়ে টাটা মোটরসের ক্ষোভ
সিঙ্গুরের বিতর্কিত ৯৯৭ দশমিক ১৭ একর জমি ফের সরকারি হেফাজতে নিতে পশ্চিমবঙ্গ বিধানসভায় গত মঙ্গলবার যে বিল গৃহীত হয়েছে, তা নিয়ে অবশেষে ক্ষোভ প্রকাশ করেছে টাটা মোটরস।টাটা প্রথমবারের মতো বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, বিলে কোন অবস্থায় টাটারা কাজ বন্ধ করেছিল এবং কারখানা অন্যত্র সরিয়ে নিয়েছিল, তা স্পষ্ট করে বলা হয়নি।বিলটি পরিপূর্ণ পর্যালোচনার পরই টাটা মোটরস তাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করবে বলে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিলে লিজ চুক্তি বাতিলের যুক্তি হিসেবে বলা হয়েছে, টাটারা প্রকল্পের জমিতে কারখানা চালু না করে প্রকল্পটি বাতিল করে চলে গিয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, প্রকল্প ঘিরে এলাকার কোনো আর্থসামাজিক উন্নয়ন তো হয়ইনি, এমনকি কোনো কর্মসংস্থানও হয়নি। স্থানীয় মানুষের কোনো উপকার হয়নি। বরং সরকারের খরচ হয়েছে ২১৩ কোটি রুপি। কিন্তু সরকারের এই বক্তব্যের সঙ্গে একমত নয় টাটা কর্তৃপক্ষ।টাটা কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসার কোনো নিশ্চয়তা না পেয়েই তারা ২০০৮ সালের ৩ অক্টোবর কারখানার কাজ বন্ধ রাখার ঘোষণা দিতে বাধ্য হয়েছিল। সেই সঙ্গে এলাকার উন্নয়ন ও কর্মসংস্থানের প্রসঙ্গে বিলে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা যে সঠিক নয়—সেই অভিযোগ করে টাটাদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে নানা কর্মসূচি রূপায়ণ করেছিলেন। বিবৃতিতে দাবি করা হয়েছে, প্রকল্প চালু হলে প্রত্যক্ষভাবে দুই হাজার এবং পরোক্ষভাবে ১০ হাজার মানুষের কর্মসংস্থান হতো। টাটা মোটরসের আরও বক্তব্য, তারা ১৮০০ কোটি রুপি বিনিয়োগ করেছিল। তবে কিছু যন্ত্রপাতি সরিয়ে নিয়ে গেলেও এখনো তাদের ৪৪০ কোটি এবং ভেনডারদের ১৯০ কোটি রুপির সম্পত্তি প্রকল্প এলাকায় পড়ে রয়েছে। তবে টাটা মোটরস বিলটি পর্যালোচনার পরই জানাবে তারা আলোচনার মাধ্যমে ক্ষতিপূরণ নিয়ে সব মিটিয়ে নেবে, নাকি অন্য কোনো পদক্ষেপ নেবে।