সিঙ্গুরের জমি অধিগ্রহণ আইন অসাংবিধানিক
ভারতের পশ্চিমবঙ্গের সিঙ্গুরে টাটার মোটরগাড়ি কারখানা নির্মাণে অধিগৃহীত জমি পুনরায় অধিগ্রহণের জন্য রাজ্য সরকারের তৈরি সিঙ্গুর জমি পুনর্বাসন ও উন্নয়ন আইনকে অসাংবিধানিক এবং বাতিল বলে রায় দিয়েছেন কলকাতা হাইকোর্ট।আজ শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টায় কলকাতা হাইকোর্টের বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ ও বিচারপতি মৃণাল কান্তি চৌধুরীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই রায় দেন।গত বছরে তৃণমূল কংগ্রেসের নেত্রী পশ্চিমবঙ্গের শাসনক্ষমতায় আসার পর সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের ৪০০ একর জমি ফিরিয়ে দিতে নতুন করে সিঙ্গুর জমি পুনর্বাসন এবং উন্নয়ন আইন নামের একটি আইন বিধানসভায় অনুমোদিত হয়। ওই আইনবলে সিঙ্গুরের জমি পুনরায় দখল নেওয়ার উদ্যোগ নিলে টাটা মোটরস এই আইনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে গত ২৮ জুলাই একটি আবেদন করে। বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় দুই মাস পর ২৮ সেপ্টেম্বর শুনানি শেষে এই আইনকে বৈধ বলে ঘোষণা দেন। টাটা মোটরস এই রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করলে পুনরায় মামলাটি বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ ও বিচারপতি মৃণাল কান্তি চৌধুরীর ডিভিশন বেঞ্চে ওঠে। দীর্ঘ ছয় মাস ধরে শুনানি শেষে আজ সেই মামলার রায় ঘোষণা করেন কলকাতা হাইকোর্টের এই ডিভিশন বেঞ্চ।পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুরে ২০০৬ সালের মে মাসে টাটা গোষ্ঠীকে সস্তায় মোটরগাড়ি ন্যানো নির্মাণের জন্য ৯৯৭ একর জমি অধিগ্রহণ করে। ওই সময় অধিকাংশ কৃষকেরা জমির ক্ষতিপূরণ গ্রহণ করলেও আপত্তি করে ৪০০ একর জমির মালিক। মমতা এর চার মাস পর ক্ষুব্ধ এসব কৃষক নিয়ে আন্দোলন শুরু করেন। ২০০৬ সালের ৫ ডিসেম্বর থেকে কলকাতার কেন্দ্রবিন্দু ধর্মতলায় একটানা ২৬ দিনের অনশনে যোগ দেন। আবার ২০০৮ সালের ২৪ আগস্ট থেকে মমতা সিঙ্গুরের কারখানার সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন। এরপর ২০০৮ সালের ৪ অক্টোবর টাটা গোষ্ঠী সিঙ্গুর ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।২০১১ সালে মমতা ক্ষমতায় এসে তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী উদ্যোগ নেয় এবং এ লক্ষ্যে প্রণয়ন করেন সিঙ্গুর জমি পুনর্বাসন এবং উন্নয়ন আইন।পশ্চিমবঙ্গের রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, হাইকোর্টের এই রায়ে ফের মমতা রাজনৈতিকভাবে বিরাট এক ধাক্কা খেলেন। এতে সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া কঠিন হয়ে পড়বে।