সিটবেল্ট না বাঁধায় ১১৭৬ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটবেল্ট বেঁধে গাড়ি না চালানোর কারণে আজ সোমবার এক হাজার ১৭৬টি মামলা করেছে মহানগর ট্রাফিক পুলিশ। গাড়ি চলা অবস্থায় মুঠোফোনে কথা বলায় মামলা হয়েছে ৩৮টি। হেলমেট ব্যবহার না করায় মামলা হয়েছে ২২৬টি। তবে ফুটওভার ব্রিজ বা নির্ধারিত স্থান ব্যবহার করে রাস্তা পার না হওয়ায় কোনো মামলা হয়নি। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার উপকমিশনার মো. ওয়ালিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। যাত্রী ও চালকদের সিটবেল্ট বাঁধা, চালকদের মুঠোফোনে কথা বলা বন্ধ করা ও মোটরসাইকেলে হেলমেট ব্যবহার নিশ্চিত করতে আজ থেকে অভিযান শুরু করেছে মহানগর ট্রাফিক পুলিশ। জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ বা নির্ধারিত স্থান ব্যবহার করে রাস্তা পার না হলেই পথচারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মহানগর পুলিশের কর্মকর্তারা জানান, গত ২১ সেপ্টেম্বর যোগাযোগ মন্ত্রণালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের ৩৩তম সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পুলিশ বাহিনীকে চারটি কাজের দায়িত্ব দেওয়া হয়। এগুলো হলো—সড়ক পারাপারে জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ বা নির্ধারিত স্থান ব্যবহার করা, গাড়ি চলা অবস্থায় যাত্রী ও চালকদের সিটবেল্ট বাঁধা, চালকদের মুঠোফোনে কথা বলা বন্ধ করা এবং মোটরসাইকেলে চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিত করা।