সিটবেল্ট না বাঁধায় ১১৭৬ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটবেল্ট বেঁধে গাড়ি না চালানোর অভিযোগে গতকাল সোমবার এক হাজার ১৭৬টি মামলা করেছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ। এ ছাড়া গাড়ি চলা অবস্থায় মুঠোফোনে কথা বলায় মামলা হয়েছে ৩৮টি। মোটরসাইকেলে হেলমেট ব্যবহার না করার অভিযোগে মামলা হয়েছে ২২৬টি। তবে ফুটওভারব্রিজ বা নির্ধারিত স্থান ব্যবহার করে রাস্তা পার না হওয়ায় কোনো মামলা হয়নি।ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার অতিরিক্ত উপকমিশনার মো. ওয়ালিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। গতকাল সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত অভিযানে এসব মামলা হয়। রাত নয়টা পর্যন্ত এ অভিযান চলার কথা। এ ছাড়া আজ সকাল থেকে আবার অভিযান চলবে বলে জনসংযোগ শাখা থেকে জানানো হয়।যাত্রী ও চালকদের সিটবেল্ট বাঁধা, চালকদের মুঠোফোনে কথা বলা বন্ধ করা এবং মোটরসাইকেলে হেলমেট ব্যবহার নিশ্চিত করতে এ অভিযান শুরু করেছে মহানগর ট্রাফিক পুলিশ। জেব্রা ক্রসিং, ফুটওভারব্রিজ বা নির্ধারিত স্থান ব্যবহার করে রাস্তা পার না হলে পথচারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, নগরবাসীকে এসব আইন মানতে কয়েক দিন ধরে নানাভাবে প্রচারণা চালানো হয়েছে। এর ইতিবাচক প্রভাবও পড়েছে। গতকাল সোমবার অধিকাংশ মোটরসাইকেলচালক হেলমেট পরে রাস্তায় নেমেছেন। তবে সিটবেল্ট বাঁধার ব্যাপারে এখনো অনীহা আছে চালকদের মধ্যে।গত ২১ সেপ্টেম্বর যোগাযোগ মন্ত্রণালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের ৩৩তম সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পুলিশ বাহিনীকে চারটি কাজের দায়িত্ব দেওয়া হয়। এগুলো হলো সড়ক পারাপারে জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ বা নির্ধারিত স্থান ব্যবহার করা, গাড়ি চলা অবস্থায় যাত্রী ও চালকদের সিটবেল্ট বাঁধা, চালকদের মুঠোফোনে কথা বলা বন্ধ করা এবং মোটরসাইকেলে চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিত করা। এরই পরিপ্রেক্ষিতে ১ নভেম্বর থেকে এই অভিযান শুরু করেছে পুলিশ।